পুবের কলম, চণ্ডীগড়: হরিয়ানার ফরিদাবাদ জেলে ২৩ বছর বয়সি এক মুসলিম যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত ১৩ নভেম্বর জেলের ভেতরেই মৃত্যু হয় রেহান নামের ওই যুবকের। মৃত্যুর মাত্র কয়েক দিন আগে পরিবারের কাছে ফোন করে তিনি পুলিশি হেফাজতে বেধড়ক মারধর ও চরম নির্যাতনের কথা জানিয়েছিলেন বলে অভিযোগ। এই ঘটনায় রেহানের গ্রেফতারি এবং জেলে তাঁর ওপর চলা শারীরিক নির্যাতন নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। মৃত রেহান উত্তরপ্রদেশের আমরোহা জেলার বাসিন্দা ছিলেন।

 

জানা যায়, গত ১৮ অক্টোবর ১.০৪ কোটি টাকার একটি লুটের ঘটনায় ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ তাঁকে গ্রেফতার করেছিল। যদিও পরিবারের দাবি, রেহানকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে।

সংবাদমাধ্যমকে রেহানের কাকা নওশাদ অভিযোগ করেছেন, পুলিশ হেফাজতে থাকাকালীন রেহানকে নির্মমভাবে মারধর করা হয়। নওশাদের দাবি, ফরিদাবাদ থেকে গ্রেফতারের পর পুলিশ রেহানকে নিয়ে আমরোখায় তাদের বাড়িতে আসে, যেখানে পুলিশের সঙ্গে পরিবারের লোকজনের ধস্তাধস্তি বেধে যায়। সেই ধস্তাধস্তি পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হন।

পরিবারের অভিযোগ, পুলিশ তাঁদের কাছে ১৮.৮ লক্ষ টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে পরিবারের অন্য সদস্যদেরও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়।

রেহানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মৃত্যুর মাত্র কয়েক দিন আগে জেল থেকে ফোন করে রেহান তাঁকে গুরুতর মারধর করা হয়েছে বলে জানিয়েছিল। এর মধ্যেই গত ১৩ নভেম্বর জেল থেকে ফোন করে রেহানের মৃত্যুর খবর দেওয়া হয় পরিবারকে।

এদিকে পরিবারের এই সমস্ত গুরুতর অভিযোগ অস্বীকার করে এসএইচও অমিত কুমার সংবাদমাধ্যমকে জানান, ফরিদাবাদ থেকে সিবিআই টিম রেহানকে আমরোখায় নিয়ে এসেছিল এবং তারপর চলে যায়। তবে পরিবারের তোলা মারধরের অভিযোগ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।