পুবের কলম, অমরাবতী: টাকার বিনিময়ে ভোট কেনার প্রবণতার বিরুদ্ধে এক বিরল ও জোরালো প্রতিবাদ দেখলেন অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার ভোটাররা। জানা যায়, পলামনের একটি গ্রামের এক ভোটার তাঁকে প্রভাবিত করতে দেওয়া ১০০০ টাকা ব্যালট বাক্সের ভেতর ফেতৎ দিয়ে সততার এক দৃষ্টান্ত তৈরি করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত এমপিসি এবং জেডপিসি নির্বাচনের ভোটগণনা চলার সময় এই ঘটনা প্রকাশ্যে আসে। গণনা কেন্দ্রে ব্যালট বাক্স খোলার পর একটি বাক্সের ভেতর দুটি ৫০০ টাকার নোট এবং সঙ্গে একটি হাতে লেখা চিরকুট দেখতে পান নির্বাচন কর্মীরা।

ওই ভোটার টাকা ফিরিয়ে স্পষ্ট জানিয়ে দেন, তিনি কোনোভাবেই টাকার বিনিময়ে নিজের ভোটাধিকার বিক্রি করবেন না।

ভোটার তাঁর চিরকুটে লিখেছিলেন, "স্যার, আপনারা আমাকে যে ১০০০ টাকা দিয়েছিলেন দয়া করে তা ফেরত নিয়ে নিন। আমি ভোট দেওয়ার জন্য কোনো টাকা নেব না। ধন্যবাদ।

" গণনা কেন্দ্রে এমন ঘটনা উপস্থিত ভোটকর্মী ও কর্মকর্তাদের রীতিমতো চমকে দেয়। ব্যালট বাক্সের ভেতর থেকে টাকা ও চিরকুট উদ্ধারের খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এই ঘটনার প্রকাশ্যে আসতেই জেলা নির্বাচন আধিকারিক সুমিত কুমার সোমবার একটি বিবৃতি জারি করে ওই ভোটারের সততার উচ্চ প্রশংসা করেন। তিনি বলেন, এটি গণতান্ত্রিক মূল্যবোধের একটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ী উদাহরণ। ওই অজ্ঞাতপরিচয় ভোটার আর্থিক প্রলোভন প্রত্যাখ্যান করে ব্যালটের মর্যাদা ও পবিত্রতা অক্ষুণ্ণ রেখেছেন।