উৎসবের মরশুম শেষ হতেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে বিহারের রাজনীতি। মুখ্যমন্ত্রিত্ব ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা। এবার সরাসরি নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমারকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিল লালুপ্রসাদ যাদব ও তেজস্বী যাদবের দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। আরজেডির এই প্রস্তাব ঘিরে বিহারের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
আরও পড়ুন:
মঙ্গলবার আরজেডি নেতা অভয় কুশওয়া বলেন, জনতা দল ইউনাইটেড (জেডিইউ) বিজেপির উপর অসন্তুষ্ট। যেভাবে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তা অনৈতিক এবং বিশ্বাসঘাতকতার শামিল। তাঁর দাবি, বিহারে ফের একটি ধর্মনিরপেক্ষ সরকার গড়ে তোলার সুযোগ রয়েছে।
লালুপ্রসাদ যাদব এবং তেজস্বী যাদব দু’জনেই খোলামনে চাইছেন, নিশান্ত কুমার বিহারের মুখ্যমন্ত্রী হন।আরও পড়ুন:
আরজেডির এই প্রস্তাবের পর রাজনৈতিক জল্পনা আরও উসকে দিয়েছে জেডিইউয়ের প্রতিক্রিয়া। দলের তরফে বলা হয়েছে, নিশান্ত কুমার আজ না হোক, কাল মুখ্যমন্ত্রী হবেনই। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি ভালো কাজ করছেন এবং বিহারের মানুষও তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। তবে তার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন:
অন্যদিকে, বিজেপি অবশ্য এই সম্ভাবনাকে গুরুত্ব দিতে নারাজ। গেরুয়া শিবিরের দাবি, নীতীশ কুমার কখনও এমন সিদ্ধান্ত নেবেন না।
কারণ, তিনি নিজেই প্রকাশ্যে আরজেডির সঙ্গে জোট করাকে জীবনের অন্যতম বড় ভুল বলে মন্তব্য করেছেন। তাই জেডিইউয়ের আরজেডির সঙ্গে হাত মেলানোর কোনও আশঙ্কা দেখছে না বিজেপি।আরও পড়ুন:
বিহারের বিধানসভায় বর্তমান আসন সমীকরণও এই জল্পনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। জেডিইউয়ের হাতে রয়েছে ৮৫টি আসন এবং বিজেপির দখলে ৮৮টি। অন্যদিকে, ইন্ডিয়া জোটের আসন সংখ্যা ৩৫। সরকার গড়তে প্রয়োজন ১২২ জন বিধায়কের সমর্থন। ফলে নীতীশ কুমারের রাজনৈতিক অবস্থান যে কোনও নতুন সমীকরণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
আরও পড়ুন:
এমন পরিস্থিতিতে নীতীশ কুমার যদি ফের জোট পরিবর্তনের পথে হাঁটেন, তাহলে আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএমের পাঁচ বিধায়কের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাঁরা কিংমেকার হয়ে উঠবেন কি না, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।
আরও পড়ুন:
তবে বিহারের রাজনীতিতে এই নতুন জল্পনার পিছনে আসল কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। নীতীশ কুমার কি সত্যিই নতুন কোনও রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চলেছেন, নাকি আরজেডির এই প্রস্তাব নিছক রাজনৈতিক কৌশল? আপাতত সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। তবে নীতীশ কুমার যদি এনডিএ ছেড়ে বেরিয়ে আসেন, তার প্রভাব শুধু বিহারেই সীমাবদ্ধ থাকবে না, বরং কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের রাজনৈতিক সমীকরণেও বড়সড় ধাক্কা লাগতে পারে। কারণ, নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডু—এই দুই শরিক নেতার সমর্থন কেন্দ্রীয় সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।