পুবের কলম ওয়েব ডেস্ক: এসআইআর ইস্যুতে বিরোধীদের দায়ের করা মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছে, এই বিষয়ে কোনও নোটিস জারির আগে তারা নির্বাচন কমিশনের বক্তব্য শুনতে চায়। আগামী ৯ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।
সোমবার কংগ্রেস-সহ বিরোধী শিবিরের পক্ষ থেকে শীর্ষ আদালতে মোট ৪৮টি প্রশ্ন জমা দেওয়া হয়। বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশন যে হলফনামা পেশ করেছে, তাতে তাদের প্রশ্নের কোনও উত্তর নেই।

কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তথ্যপ্রযুক্তি বিভাগের ডিরেক্টর জেনারেলের কাছে এই প্রশ্নগুলির জবাব চাওয়ার দাবি জানানো হয়। বিরোধীদের আইনজীবী কপিল সিবাল আদালতে আবেদন করেন, জমা দেওয়া প্রশ্নগুলির ভিত্তিতে কমিশনকে নোটিস পাঠানো হোক।
অন্যদিকে, নির্বাচন কমিশনের আইনজীবী হরিশ সালভে এই একপাক্ষিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে কমিশনের বক্তব্য পেশ করার আবেদন জানান। এর পরই সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, আগে কমিশনের বক্তব্য শোনা হবে, তারপর নোটিস জারির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়াও, কংগ্রেসের পক্ষ থেকে জানতে চাওয়া হয় যে, সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় তিন নির্বাচন কমিশনারের সরকারি অনুমোদন রয়েছে কি না। এর জবাবে নির্বাচন কমিশন পালটা হলফনামা দিয়ে জানিয়েছে, তিন কমিশনারের মিলিত অনুমোদনের ভিত্তিতেই ওই হলফনামা জমা দেওয়া হয়েছে।