পশ্চিমবঙ্গে শিল্প ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ টানার উদ্যোগের মধ্যেই এবার অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বুধবার বিধাননগরে বিজেপির রাজ্য দফতরে বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ফিলিপ গ্রিন। দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। বৈঠককে ফলপ্রসূ বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার।
আরও পড়ুন:
সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতার আগ্রহের কথা তুলে ধরেন ফিলিপ গ্রিন।
তাঁর বক্তব্য, রাজ্যের উন্নয়নের জন্য অস্ট্রেলিয়া সব রকম সাহায্য করতে প্রস্তুত। পাশাপাশি অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাঙালিদের ভূমিকারও প্রশংসা করেন তিনি। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালি সমাজের অবদান নিয়েও দু’জনের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।এই বৈঠককে ঘিরে বাংলায় অস্ট্রেলীয় বিনিয়োগের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক ও শিল্পমহলে আলোচনা শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও বিনিয়োগ প্রকল্প বা আর্থিক প্রতিশ্রুতির কথা ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন:
উল্লেখ্য, রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্ক রয়েছে। সিঙ্গুরে টাটা গোষ্ঠীর ন্যানো কারখানা প্রকল্প বাতিল হওয়ার পর বাংলার শিল্পপরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই জমিতে নতুন করে শিল্প স্থাপনের পাশাপাশি টাটা গোষ্ঠীকে বাংলায় ফিরিয়ে আনার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন:
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শিল্প ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার কথা জানাচ্ছে নতুন সরকার। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সঙ্গে শমীক ভট্টাচার্যের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এই আলোচনা শেষ পর্যন্ত বাস্তব বিনিয়োগের পথে কতটা এগোয়, এখন সেটাই দেখার।