পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষে খতম হলো নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইবা-র শীর্ষ কমান্ডার লতিফ ভাট। গত ১১ নভেম্বর সিআরপিএফ তল্লাশি চৌকিতে হামলার মূল অভিযুক্ত ছিল সে। তল্লাশির সময় একটি মসজিদের ভেতর লুকিয়ে থাকা ওই জঙ্গি সেনার আত্মসমর্পণ করার আর্জি সম্পূর্ণ খারিজ করে দেয় এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। এর পরই দীর্ঘক্ষণ চলা এনকাউন্টারে নিকেশ হয় সে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে লতিফ ভাটের সহযোগী উমর নিসার দার নিহত হয়েছিল। এরপরই লতিফ ভাটের সন্ধানে ওই এলাকায় ব্যাপক তল্লাশি ও ঘেরাও অভিযান শুরু করে যৌথবাহিনী। এই অভিযানে ৫০০-রও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পারে, গত ১০ নভেম্বর উমর নিসার দার ও লতিফ ভাট যৌথভাবে মীর বাজার, আখরান, হাবলিশ এবং কিলামের মতো একাধিক এলাকায় রেকি চালিয়েছিল। এরপর ১১ নভেম্বর আখরানে সিআরপিএফ চেকপোস্টে হামলা চালিয়ে পালিয়ে যায় তারা। ডারের পরিবার এর আগেই কুলগাম থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিল। তদন্তে এও জানা যায় যে গত ৫-৬ মাস ধরে ডার নিজেই লতিফ ভাটকে নিরাপদ আশ্রয় এবং রসদ সরবরাহ করে আসছিল।
এই সাফল্যের পর সিআরপিএফ প্রধান জিপি সিং সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে এক্স-এ লিখেছেন, "অভিনন্দন বন্ধুরা। কিছু খাবার ঠান্ডা পরিবেশন করাই ভালো, এমনকি ঠান্ডার আবহাওয়াতেও।" জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে— "ইউ ক্যান রান বাট ইউ ক্যান নট হাইড" (তুমি পালাতে পারো, কিন্তু লুকিয়ে থাকতে পারবে না)।