পুবের কলম ওয়েব ডেস্ক: বামপন্থী বইয়ের স্টলের পালটা জাতীয়তাবাদী বইয়ের স্টল দেওয়াকে কেন্দ্র করে বুধবার সকালে উত্তপ্ত হয়ে উঠল কলেজ স্ট্রিট চত্বর। বুকস্টল বসানো নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায় এসএফআই এবং এবিভিপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড দিলেও উত্তেজনা কমেনি। উলটে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টাকে কেন্দ্র করে এবিভিপি সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়।
জানা গিয়েছে, পুলিশের অনুমতি নিয়ে মঙ্গলবার থেকে মহাবোধি সোসাইটির সামনে তিনদিনের 'মিনি বইমেলা' শুরু করেছিল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। কিন্তু পুলিশের বাধায় স্টল করতে না পেরে তাঁরা ট্রাম লাইনের উপরেই বই সাজিয়ে বসেন, যা নিয়ে মঙ্গলবারও দিনভর অশান্তি হয়। এরপর বুধবার সকালে বামেদের স্টলের সামনেই এবিভিপি পালটা স্টল করতে গেলে দু'পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। হাতে স্বামী বিবেকানন্দের বই ও ভারতমাতার ছবি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এবিভিপি সদস্যরা। অন্যদিকে এসএফআইয়ের অভিযোগ, তাদের ব্যানার ছিঁড়ে মার্ক্স ও লেনিনের বই রাস্তায় ছুড়ে ফেলা হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে গার্ডরেল দিয়ে এলাকাটি ঘিরে ফেলা হয়। ধস্তাধস্তির জেরে এক এসএফআই সদস্য আহত হয়ে মাটিতে পড়ে গেলে তাঁকে দ্রুত উদ্ধার করা হয়। অন্যদিকে, নিজেদের স্টল করার দাবিতে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এবিভিপির সদস্যরাও। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ স্ট্রিট চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।