পুবের কলম ওয়েব ডেস্ক: আসাম জুড়ে দরিদ্র মানুষের বসতবাড়িতে রাজ্য সরকারের বুলডোজার চালানোর তীব্র প্রতিবাদ জানাল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ)। এই উচ্ছেদ অভিযানের ফলে রাজ্যের হাজার হাজার মানুষ আজ গৃহহীন এবং তাদের শিশুদের ভবিষ্যৎ ঘোর অনিশ্চয়তার মুখে। এই ধারাবাহিক উচ্ছেদকে সম্পূর্ণ 'অমানবিক' আখ্যা দিয়ে অবিলম্বে তা বন্ধ করা এবং ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনের দাবিতে গত ১২ নভেম্বর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটি বিস্তৃত স্মারকলিপি জমা দিয়েছে দলটি।
স্মারকলিপিতে এআইইউডিএফ জানিয়েছে যে, নগাঁও, হোজাই, গোয়ালপাড়া, ধুবড়ি, কামরূপ, গোলাঘাট, মরিগাঁও এবং নলবাড়ি জেলার পাশাপাশি সম্প্রতি ধুবড়ির আলমগঞ্জে চলা উচ্ছেদ অভিযানে বহু মানুষ চরম মানবিক সংকটের মুখে পড়েছেন।

দলটির দাবি, উচ্ছেদের শিকার হওয়া এই পরিবারগুলির অধিকাংশই প্রকৃত ভারতীয় নাগরিক, যারা ভয়াবহ নদীভাঙনের জেরে নিজেদের পৈতৃক ভিটেমাটি ও কৃষিজমি হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন। তাই উপযুক্ত ক্ষতিপূরণ সহ ‘জমির বদলে জমি’ নীতির ভিত্তিতে সমস্ত যোগ্য ভূমিহীন পরিবারকে অবিলম্বে স্থায়ীভাবে পুনর্বাসন দেওয়ার দাবি জানানো হয়েছে।
উচ্ছেদ হওয়া পরিবারগুলির শিশুদের শিক্ষার অধিকার নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে এআইইউডিএফ। অবিলম্বে এই শিশুদের নিকটবর্তী স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।
স্মারকলিপিতে স্পষ্টভাবে বলা হয়েছে, উচ্ছেদের কারণে পড়াশোনায় এভাবে ব্যাঘাত ঘটালে তা সংবিধানের ২১এ অনুচ্ছেদ এবং ২০০৯ সালের শিক্ষার অধিকার আইনের (আরটিই) সরাসরি লঙ্ঘন।
বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে দরিদ্র পরিবারগুলির ঘরবাড়ি ভেঙে দেওয়াকে মানবিক নীতির চূড়ান্ত পরিপন্থী বলে উল্লেখ করেছে দলটি। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে উল্লেখিত জীবনের অধিকার এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা মনে করিয়ে দিয়ে, সঠিক পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত রাজ্যে সমস্ত উচ্ছেদ অভিযান সম্পূর্ণভাবে বন্ধ রাখার জোর দাবি জানানো হয়েছে।
এর পাশাপাশি, গোয়ালপাড়ায় প্রস্তাবিত শিল্পাঞ্চল এবং করিডোর নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি।
তারা জানিয়েছে, এই প্রকল্পের জন্য নির্ধারিত সীমানার মধ্যে বালাদমারি পার্ট-৫, বালাদমারি পার্ট-২, হেলাপাকড়ি এবং রাক্ষসিনীর মতো বেশ কিছু জনবসতিপূর্ণ রাজস্ব গ্রাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই গ্রামগুলিকে অধিগ্রহণ করা হলে হাজার হাজার কৃষিজীবী ও ভূমিপুত্র পরিবার গৃহহীন হবে এবং তাদের বেঁচে থাকার জীবিকা কেড়ে নেওয়া হবে। তাই জনবহুল গ্রাম এবং উর্বর কৃষিজমি এই প্রকল্পের বাইরে রেখে, শুধুমাত্র অব্যবহৃত সরকারি পতিত জমিতে শিল্প উন্নয়নের কাজ সীমাবদ্ধ রাখার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গোয়ালপাড়া জেলায় সংরক্ষিত বনাঞ্চলের সীমানার ভেতরে থাকা জনবসতিপূর্ণ এলাকাগুলির রেকর্ডে থাকা অসঙ্গতি দূর করার জন্য রাজস্ব ও বন বিভাগের যৌথ জরিপ করার দাবিও স্মারকলিপিতে জানানো হয়েছে। ২০০৬ সালের বন অধিকার আইনের অধীনে এই এলাকার স্থায়ী বাসিন্দাদের সুরক্ষা প্রদান, তাদের জমির স্থায়ী পাট্টা দেওয়া এবং যোগ্য বনবাসীদের অধিকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে।
মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দেওয়া এই গুরুত্বপূর্ণ স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন এআইইউডিএফ-এর সভাপতি তথা বিধায়ক মাওলানা বদরুদ্দিন আজমল, দলের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির, বিধায়ক মজিবুর রহমান সহ দলের অন্যান্য শীর্ষ নেতারা।