পুবের কলম ওয়েবডেস্ক, স্ত্রীর ফোন ধরেননি স্বামী। পরে ফিরতি ফোনও করেননি। এই ঘটনাকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হলেও, শুধু এর ভিত্তিতে স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ আনা যায় না। এমনই পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের। স্ত্রীর দায়ের করা ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ও ৩৪ ধারার মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতি অজয়কুমার গুপ্তা।
আরও পড়ুন:
ঘটনাটি হাওড়ার বাগনানের। ২০১৭ সালের মার্চে ওই দম্পতির বিয়ে হয়। ২০২০ সালের ডিসেম্বরে বাগনান থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতেই ফৌজদারি মামলা শুরু হয়। মামলাটি বাতিলের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন স্বামী।
তাঁর করা রিভিশন পিটিশনের শুনানিতেই এই পর্যবেক্ষণ আদালতের।আরও পড়ুন:
বিচারপতি গুপ্তার মতে, স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ছিল অস্পষ্ট ও সাধারণ ধরনের। নির্যাতনের নির্দিষ্ট তারিখ, সময়, স্থান কিংবা ধরন—কিছুই উল্লেখ করেননি অভিযোগকারিণী। পণের দাবিতে হয়রানি, আত্মহত্যায় প্ররোচনা অথবা স্ত্রীর জীবন, অঙ্গ বা স্বাস্থ্যের গুরুতর ক্ষতি হতে পারে, এমন কোনও আচরণের অভিযোগও ছিল না।
আরও পড়ুন:
আদালত জানায়, একটি ফোনের উত্তর না দেওয়া আর ইচ্ছাকৃতভাবে নিষ্ঠুরতা চালানো এক বিষয় নয়। ৪৯৮এ ধারায় মামলা চালানোর মতো উপাদান না থাকায় তা খারিজ করা হয়েছে।