পুবের কলম, বেঙ্গালুরু: কর্নাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চলাকালীন মুসলিম ভোটারদের নাম বাদ দিতে ভুয়ো ‘ফর্ম ৭’ জমা দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় পুলিশি তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কর্নাটক হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অনন্ত রামনাথ হেগড়ে ১০ জন অভিযুক্তের বিরুদ্ধে চলা এই তদন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের ফলে, রাজ্যে ‘ফর্ম ৭’-এর অপব্যবহার সংক্রান্ত মোট পাঁচটি মামলায় পুলিশি তদন্ত আপাতত থমকে গেল।

মঙ্গলবারের শুনানিতে বিচারপতি হেগড়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ১৯৬০ সালের ভোটার নিবন্ধন বিধিমালার অধীনে এই আপত্তিগুলির বিষয়ে বিধিবদ্ধ তদন্ত আগে সম্পূর্ণ হওয়া প্রয়োজন। এই মর্মে আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, ‘ফর্ম ৭’ আবেদনগুলির ওপর কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সংক্রান্ত সমস্ত নথিপত্র আদালতে পেশ করতে হবে। পাশাপাশি, গত ৯ অক্টোবরের স্থগিতাদেশ প্রত্যাহার করার জন্য কর্নাটক সরকার যে আবেদন জানিয়েছিল, তার বিবেচনাও আপাতত মুলতুবি রেখেছে আদালত।

বিচারপতি হেগড়ে পর্যবেক্ষণে জানান, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার জন্য আইনে একটি সুনির্দিষ্ট ও স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি রয়েছে।

ইআরও-দেরই প্রথমে আবেদনগুলির সত্যতা ও স্বাক্ষরের বৈধতা যাচাই করতে হবে। যদি দেখা যায় কোনো আবেদনকারী মিথ্যা তথ্য দিয়েছেন, তবে আইনে তাঁর বিরুদ্ধে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানার করা হবে। আদালত বলেছে, "রেজিস্ট্রেশন অফিসারের অনুসন্ধানের ফলাফলই এই সিদ্ধান্ত নেওয়ার ভিত্তি তৈরি করে দেবে যে, এফআইআরগুলি খারিজ করা উচিত নাকি পুলিশকে সমস্ত বা নির্দিষ্ট কোনো অপরাধের তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া উচিত।"

প্রসঙ্গত, কর্নাটকের একাধিক বিধানসভা কেন্দ্রে যোগ্য ভোটারদের, বিশেষত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভোটারদের নাম তালিকা থেকে ছেঁটে ফেলতে ভুয়ো তথ্য, জাল স্বাক্ষর এবং ছদ্মবেশ ধারণ করে গণহারে ‘ফর্ম ৭’ জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছিল। জয়নগর কেন্দ্রে মোট ৫,৬৯৮টি আবেদন জমা পড়েছিল বলে অভিযোগ, যার মধ্যে ৪,৩২৭টিই সংখ্যালঘু ভোটারদের বিরুদ্ধে। মল্লেশ্বরম কেন্দ্রের আটটি বুথে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের লক্ষ্য করে ৭৭৮টি আবেদন জমার অভিযোগ ওঠে।