পুবের কলম ওয়েব ডেস্ক: স্ত্রীর ফোন ধরেননি স্বামী। এমনকী পরে নিজে থেকে তাঁকে কল ব্যাকও করেননি। এই ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি তৈরি হলেও, একে কোনওভাবেই বধূ নির্যাতন বা নিষ্ঠুরতা বলা যায় না। এমনই এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাই কোর্ট।

স্ত্রীর ফোন না ধরার জেরে স্বামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় যে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল, তা সম্পূর্ণ খারিজ করে দিয়েছে আদালত।
আদালত সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার সূত্রপাত হাওড়া জেলার বাগনান এলাকায়। ওই দম্পতির বিয়ে হয়েছিল ২০১৭ সালের মার্চ মাসে। বিয়ের কয়েক বছর পর, ২০২০ সালের ডিসেম্বর মাসে স্ত্রী বাগনান থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
স্ত্রীর অভিযোগের ভিত্তিতে স্বামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ (বধূ নির্যাতন) এবং ৩৪ ধারায় মামলা রুজু হয়। এরপরই স্ত্রীর দায়ের করা সেই মামলাটি বাতিল করার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন স্বামী।
কলকাতা হাই কোর্টে বিচারপতি অজয়কুমার গুপ্তার এজলাসে স্বামীর দায়ের করা এই রিভিশন পিটিশনটির শুনানি হয়। মামলার শুনানিতে সমস্ত দিক খতিয়ে দেখে বিচারপতি জানান, স্বামীর বিরুদ্ধে স্ত্রী যে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন, তা অত্যন্ত অস্পষ্ট এবং সাধারণ প্রকৃতির।
অভিযোগকারিণী তাঁর অভিযোগে নির্যাতনের কোনও নির্দিষ্ট সময়, দিনক্ষণ, স্থান বা নির্দিষ্ট কোনও ধরনের কথা উল্লেখ করতে পারেননি। পাশাপাশি, পণের দাবিতে কোনওরকম হেনস্তা বা হয়রানির কথাও সেখানে বলা হয়নি।
আদালত তার পর্যবেক্ষণে আরও জানিয়েছে যে, স্বামীর এমন কোনও আচরণের কথা অভিযোগে উঠে আসেনি যা স্ত্রীকে আত্মহত্যার দিকে প্ররোচিত করতে পারে অথবা তাঁর জীবন, অঙ্গ বা স্বাস্থ্যের কোনও গুরুতর ক্ষতি করতে পারে। বিচারপতি অজয়কুমার গুপ্তা স্পষ্ট জানান, এই ধারায় অপরাধের ক্ষেত্রে অভিযোগকারিণীকে প্রমাণ করতে হবে যে তিনি স্বামী বা তাঁর আত্মীয়দের দ্বারা নিষ্ঠুরতার শিকার হয়েছেন এবং সেই নিষ্ঠুরতা আইনের নির্দিষ্ট ব্যাখ্যার মধ্যে পড়ে। হাই কোর্টের মতে, শুধুমাত্র একটি ফোনের উত্তর না দেওয়া আর ইচ্ছাকৃতভাবে নির্যাতন চালানো কখনোই এক বিষয় হতে পারে না। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই আদালত স্ত্রীর দায়ের করা মামলাটি খারিজ করে দেয়।