পুবের কলম,ওয়েবডেস্ক: ইউরোপের দেশ সুইডেনে আবারও পবিত্র কুরআন অবমাননার ঘটনা ঘটেছে।  এবার দেশটির রাজধানী স্টকহোমের রাজপ্রাসাদের সামনে শত শত পুলিশের উপস্থিতিতে দুই ব্যক্তি কুরআনের কয়েকটি পাতা পোড়ানোসহ গ্রন্থটি বিভিন্নভাবে অবমাননা করেছে।

 গত ২৮ জুন পবিত্র ঈদুল আযহার দিন সালওয়ান মোমিকা নামে এক উগ্রবাদী স্টকহোম মসজিদের সামনে কুরআন অবমাননা করেছিল। সেই উগ্রবাদী মোমিকাই এবার তার সহযোগীদের নিয়ে রাজপ্রাসাদের সামনে পুলিশের অনুমতি নিয়ে কুরআন অবমাননা করল।

কথিত বাক স্বাধীনতার অংশ হিসেবে মোমিকাকে মুসলিমদের ধর্মগ্রন্থ অবমাননার সুযোগ দিচ্ছে সুইডেনের সরকার। সোমবার ৩৭ বছর বয়সী সালওয়ান মোমিকা এবং ৪৮ বছর বয়সী সালওয়ান নাজিম রাজপ্রাসাদের সামনে উপস্থিত হয়।

কুরআন অবমাননার জন্য পুলিশ তাদের এক ঘণ্টার সময় দেয়। মোমিকা ও তার সঙ্গী আরবি ও সুইডিশ ভাষায় অনূদিত কুরআনের কয়েকটি পাতা সঙ্গে করে নিয়ে আসে।
এরপর তাতে আগুন ধরিয়ে দেয় তারা। এই ঘটনার পর স্থানীয় মুসলিমরা প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন। সুইডেনের সরকারের বিরুদ্ধে তারা স্লোগান দেন।

উল্লেখ্য, মোমিকা ২০১৮ সালে ইরাক থেকে সুইডেনে আসে। ইরানের অভিযোগ, এই সালওয়ান মোমিকা ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের চর। ইসরাইলের স্বার্থসিদ্ধির জন্য বিভিন্ন দেশে সে কাজ করে থাকে।