পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্য পুলিশের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করা হল। বুধবার রাজ্য পুলিশের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের মোট ৫০টি থানার আইসি (ইন্সপেক্টর-ইন-চার্জ) বদল করা হচ্ছে। রানাঘাট, কোচবিহার, বাঁকুড়া, কৃষ্ণনগর, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং এবং বসিরহাট-সহ একাধিক জেলা ও পুলিশ জেলার থানায় এই বদলি কার্যকর হবে। অবিলম্বে সংশ্লিষ্ট আধিকারিকদের নতুন দায়িত্বে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে আইজি, ডিআইজি এবং পুলিশ সুপার-সহ ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর থানার সিআই কাজল বন্দ্যোপাধ্যায়কে বিধাননগর কমিশনারেটের বাগুইআটি থানার নতুন আইসি করা হয়েছে। রানাঘাট পুলিশ জেলার ডিআইবি ইন্সপেক্টর দেবাশিস সরকার দায়িত্ব পাচ্ছেন রানাঘাট থানার। চন্দননগর পুলিশ কমিশনারেটের ইন্সপেক্টর সুখময় চক্রবর্তীকে কোচবিহার কোতোয়ালি থানার আইসি করা হয়েছে। অন্যদিকে, পুরুলিয়ার রঘুনাথপুর থানার আইসি অতনু সাঁতরাকে এসটিএফ ইন্সপেক্টর এবং সিঙ্গুর থানার আইসি সুদীপ্ত সাধুখাঁকেও এসটিএফ-এ পাঠানো হয়েছে। রঘুনাথপুর থানার নতুন আইসি হচ্ছেন বাঁকুড়া সাইবার ক্রাইমের আইসি সুব্রত মালাকার।
উত্তরবঙ্গের একাধিক থানাতেও বড় পরিবর্তন আনা হয়েছে। মিরিক থানার আইসি নয়ন চক্রবর্তীকে বসিরহাট থানার নতুন আইসি করা হয়েছে এবং দার্জিলিঙের ডিআইবি ইন্সপেক্টর ভূষণ ছেত্রী হচ্ছেন মিরিকের নতুন আইসি। বসিরহাটের দায়িত্বে থাকা মহম্মদ ফিরোজ আলি এবং রায়গঞ্জ থানার আইসি অমিতাভ দাসকে বারাকপুর পুলিশ কমিশনারেটে পাঠানো হয়েছে। এছাড়া, সিআইডি ইন্সপেক্টর প্রসেনজিৎ বিশ্বাসকে ইসলামপুর থানার আইসি করা হয়েছে। অন্যদিকে, ইসলামপুরের প্রাক্তন আইসিকে কাঁথির কোর্ট ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে। এর পাশাপাশি রাজ্যের আরও একাধিক থানার আইসি পদে রদবদল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।