পুবের কলম ওয়েব ডেস্ক: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতের অর্থনীতি, শিক্ষাব্যবস্থা এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করলেন। তাঁর এই মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। শাসকদলের অভিযোগ, বিদেশের মাটিতে বসে ইচ্ছাকৃতভাবে দেশের বদনাম করছেন কংগ্রেস নেতা। তাঁর এই মন্তব্যকে সম্পূর্ণ ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে তোপ দেগেছে গেরুয়া শিবির।
বর্তমানে দু’দিনের সফরে আমেরিকায় রয়েছেন রাহুল গান্ধী। তাঁর এই সফরের কর্মসূচিতে কলম্বিয়া এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ে আলোচনাসভায় অংশগ্রহণের কথা রয়েছে।
কেবল অর্থনীতি বা শিক্ষাব্যবস্থাই নয়, আমেরিকায় দাঁড়িয়ে দেশের নির্বাচন প্রক্রিয়া এবং ‘ভোট চুরি’ নিয়েও সরব হয়েছেন কংগ্রেস নেতা। তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দেশের ভোটার তালিকা থেকে প্রায় ১৪ কোটি মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল। এত বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ার পর সেই নির্বাচনকে কীভাবে সম্পূর্ণ বৈধ বলা যায়, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সংশয় প্রকাশ করেন রাহুল। তিনি দাবি করেন, উপযুক্ত প্রমাণ হাতে নিয়েই তিনি এই কথাগুলি বলছেন। তাঁর মতে, এই ব্যবস্থার সংস্কার না হলে দেশের পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। রাজনৈতিক অসন্তোষ বাড়তে থাকলে আগামী দিনে সরকার হিংসার পথও বেছে নিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
রাহুল গান্ধীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে আসরে নেমেছে বিজেপি। শাসকদলের অভিযোগ, বিরোধী দলনেতা বিদেশের মাটিতে দাঁড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন এবং নিছক অপপ্রচার চালাচ্ছেন। বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া রাহুল গান্ধীকে ‘স্বভাবগত অপরাধী’ এবং ‘নৈরাজ্যবাদী’ বলে কটাক্ষ করেছেন। অন্যদিকে, বিজেপির আর এক মুখপাত্র প্রদীপ ভান্ডারি তাঁকে ‘দেশবিরোধী প্রচারের নেতা’ হিসেবে আখ্যা দিয়েছেন। গেরুয়া শিবিরের দাবি, ভারতের উন্নতি ও গণতন্ত্রের প্রতি তীব্র বিদ্বেষ থেকেই বিদেশের মাটিতে গিয়ে দেশের বিরুদ্ধে এই ধরনের নেতিবাচক মন্তব্য করছেন রাহুল।