পুবের কলম ওয়েব ডেস্ক: অন্ধ্রপ্রদেশ উপকূলে নয়, শেষ মুহূর্তে অভিমুখ বদলে ওড়িশার পুরীর কাছেই আছড়ে পড়তে চলেছে তীব্র ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’। বুধবার দুপুরে প্রকাশিত নতুন বুলেটিনে এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর আগে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী অংশে ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল হতে পারে। তবে বুধবার দুপুরের বুলেটিনে সেই সম্ভাব্য স্থান পরিবর্তিত হয়েছে এবং হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে, পুরীর কাছাকাছি এলাকাতেই স্থলভাগে প্রবেশ করবে ‘অ্যাকভান’।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করে ক্রমশ শক্তি বাড়াচ্ছে এই তীব্র ঘূর্ণিঝড়। গত ছ’ঘণ্টায় এটি ঘণ্টায় ৭ কিলোমিটার গতিবেগে উত্তর-উত্তর পশ্চিম দিকে উপকূলের উদ্দেশ্যে এগিয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি চেন্নাই থেকে ৫৭০ কিলোমিটার পূর্ব, বিশাখাপত্তনম থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব, মছিলিপত্তনম থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, ওড়িশার গোপালপুর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ এবং পুরী থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছে।

আগামী দু’দিনে এটি আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ২০ নভেম্বর, শুক্রবার দুপুরে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল এবং দক্ষিণ ওড়িশা উপকূলে নারসাপুর ও পুরীর মধ্যবর্তী অংশ দিয়ে, অর্থাৎ পুরীর কাছেই স্থলভাগে আছড়ে পড়বে ‘অ্যাকভান’। ল্যান্ডফলের সময় উপকূলে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। স্থলভাগে প্রবেশের পর ঝড়টি ধীরে ধীরে শক্তি হারাবে এবং শনিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে।
ঘূর্ণিঝড়ের গতিপথ পরিবর্তনের খবর মিলতেই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে ওড়িশা সরকার। আগামী ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত পর্যটকদের পুরীতে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। যাঁরা ইতিমধ্যেই সেখানে রয়েছেন, ওই তিন দিন তাঁদের সমুদ্রের ধারে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পাশাপাশি শহরের একাধিক জনপ্রিয় পর্যটন স্থান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গুন্ডিচা মন্দির তিন দিনের জন্য বন্ধ থাকবে। তবে জগন্নাথ মন্দির দর্শনের জন্য খোলা থাকলেও সেখানে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরীর হোটেলগুলিকেও আলাদাভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।
‘অ্যাকভান’-এর প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
বৃহস্পতিবার কলকাতাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টির দাপট আরও বাড়বে। ওই দিন দুই মেদিনীপুরে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ ছাড়া ভারী বর্ষণ হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়া জেলায়। কলকাতা-সহ দক্ষিণের অন্যান্য জেলাগুলিতেও শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
শনিবার পুরুলিয়ার কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকার পর দক্ষিণবঙ্গের আবহাওয়া ফের শুকনো হতে শুরু করবে। অন্যদিকে, ঘূর্ণিঝড়ের জেরে সমুদ্র উত্তাল থাকায় আগামী ২০ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে পড়ছে না, সেখানে আবহাওয়া শুকনোই থাকবে।