পুবের কলম, নয়াদিল্লি: ২০২৬ সাল শেষ হতে এখনও দুই মাস বাকি থাকতেই ভারতে সংখ্যালঘু বিশেষত মুসলিমদের ওপর রাষ্ট্রীয় ও অ-রাষ্ট্রীয় হামলার ঘটনা অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে। ‘সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইন’-এর অধীনস্থ ‘ইন্ডিয়া পারসিকিউশন ট্র্যাকার’-এর ২০২৬ সালের তৃতীয় ত্রৈমাসিক (আগস্ট থেকে অক্টোবর) পর্যালোচনা রিপোর্টে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। ২০২২ সালের জানুয়ারি থেকে সংরক্ষিত আইপিটি-র তথ্য অনুযায়ী, এই ধরনের হত্যাকাণ্ডের নিরিখে ২০২৬ সাল ইতিমধ্যেই সবচেয়ে প্রাণঘাতী বছরে পরিণত হয়েছে।
 
রিপোর্টে জানানো হয়েছে, গত আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে ছয়টি রাজ্যে রাষ্ট্রীয় বাহিনীর হাতে অন্তত আটজন মুসলিম নিহত হয়েছেন—যার মধ্যে তিনজন পুলিশি ‘এনকাউন্টারে’ এবং পাঁচজন পুলিশ হেফাজত বা জেলে প্রাণ হারিয়েছেন।

এর ফলে চলতি বছরে রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহত মুসলিমের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৭ জনে। পাশাপাশি, এই তিন মাসে চারটি রাজ্যে গোরক্ষক বাহিনী ও অন্যান্য উগ্র গোষ্ঠীর হাতে আরও অন্তত আটজন মুসলিম নিহত হয়েছেন, যার মধ্যে উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে সর্বোচ্চ তিনটি করে মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে।
 
আইপিটি-র এই সংস্করণে নথিভুক্ত ১৪৬টি ঘটনার মধ্যে ১০৩টিই ঘটেছে নির্বাচনমুখী উত্তরপ্রদেশে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রাজ্যে মুসলিমবিরোধী বয়ানের পাশাপাশি প্রাতিষ্ঠানিক পুলিশি দমনপীড়ন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত অক্টোবর মাসে প্রকাশিত রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে উত্তরপ্রদেশে ‘এনকাউন্টারে’ নিহত ৩১৬ জনের মধ্যে ১১০ জনই মুসলিম—যা মোট মৃত্যুর প্রায় ৩৫ শতাংশ, যেখানে রাজ্যের মোট জনসংখ্যায় মুসলিমদের হার প্রায় ১৯ শতাংশ।