যুক্তরাজ্যে ক্রমহ্রাসমান জন্মহার ও অভিবাসনের বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৬০-এর দশকের শুরুতে দেশটির জনসংখ্যায় শ্বেতাঙ্গ ব্রিটিশদের অনুপাত সংখ্যালঘু পর্যায়ে নেমে আসতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন জনসংখ্যাবিদ পল মরল্যান্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন অনুযায়ী, পল মরল্যান্ড ও ফিলিপ পিলকিংটনের যৌথভাবে লেখা নতুন বই ‘বাস্ট’ (Bust)-এ যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে জন্মহার কমে যাওয়ার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে।
আরও পড়ুন:
মরল্যান্ডের হিসাব অনুযায়ী, বর্তমানে যুক্তরাজ্যে নারীপ্রতি সন্তান জন্মদানের হার প্রায় ১.৪, যেখানে জনসংখ্যার দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজন প্রায় ২.১। এই ব্যবধান অব্যাহত থাকলে আগামী পাঁচ দশকে দেশটির নিজস্ব জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে বলে তাঁর পূর্বাভাস।
তাঁর মতে, কোনও জাতিগত জনগোষ্ঠীর জনসংখ্যাগত অবস্থান বজায় রাখতে নিজস্ব জন্মহারের গুরুত্ব রয়েছে। জন্মহার ধারাবাহিকভাবে কমতে থাকলে মোট জনসংখ্যায় সেই গোষ্ঠীর অনুপাতও হ্রাস পেতে পারে।আরও পড়ুন:
এই জনসংখ্যাগত পরিবর্তনের প্রভাব শুধু জাতিগত বিন্যাসেই সীমাবদ্ধ থাকবে না, দেশের অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ওপরও চাপ তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন মরল্যান্ড। তাঁর বক্তব্য, কর্মক্ষম মানুষের সংখ্যা কমে গেলে শ্রমবাজারে সংকট দেখা দিতে পারে। একই সঙ্গে বিনিয়োগ ও কর আদায়ের পরিমাণ কমার আশঙ্কাও রয়েছে।
অন্যদিকে, প্রবীণ নাগরিকের সংখ্যা বাড়তে থাকলে পেনশন, স্বাস্থ্য পরিষেবা এবং সামাজিক সুরক্ষা খাতে সরকারের ব্যয় বহুগুণ বেড়ে যেতে পারে।আরও পড়ুন:
জনসংখ্যার ঘাটতি পূরণে অভিবাসনকে একমাত্র সমাধান হিসেবে দেখতে নারাজ এই জনসংখ্যাবিদ। তাঁর মতে, অভিবাসীদের মধ্যেও সময়ের সঙ্গে জন্মহার কমে আসতে পারে। তাই সীমিত অভিবাসন, সাংস্কৃতিক সংহতি এবং জাতীয় পরিচয়ের প্রতি আস্থা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। সাংস্কৃতিকভাবে কাছাকাছি দেশগুলি থেকে অভিবাসী গ্রহণের বিষয়টিও তাঁর প্রস্তাবের মধ্যে রয়েছে।
আরও পড়ুন:
জন্মহার বাড়াতে পরিবারগুলিকে আর্থিক ও সামাজিকভাবে সহায়তা করার ওপর জোর দিয়েছেন মরল্যান্ড। তাঁর মতে, আবাসন সমস্যা দূর করা, শিশুদের পরিচর্যার ব্যয় কমানো এবং কর্মক্ষেত্রে পরিবারবান্ধব পরিবেশ তৈরি করা জরুরি। তবে হাঙ্গেরির মতো দেশে বিভিন্ন আর্থিক প্রণোদনা চালু করেও জন্মহার প্রত্যাশিত মাত্রায় বাড়ানো সম্ভব হয়নি। ফলে শুধু আর্থিক সুবিধা দিয়ে এই সমস্যার সমাধান কতটা সম্ভব, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
আরও পড়ুন:
এদিকে, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কর্মীসংকটের কিছুটা মোকাবিলা করতে পারলেও মানুষের সব ধরনের শারীরিক শ্রমের বিকল্প হয়ে উঠতে পারবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মরল্যান্ড।
আরও পড়ুন:
সব মিলিয়ে, জন্মহার হ্রাস, অভিবাসন, জনসংখ্যার বয়সগত পরিবর্তন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা—এই চারটি বিষয়কে যুক্তরাজ্যের ভবিষ্যতের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেছেন দুই লেখক।