পুবের কলম, নয়াদিল্লি: ধর্মের নামে এবং মন্দিরে পশুবলি নিষিদ্ধ করার আর্জি জানিয়ে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলা বুধবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি আর মহাদেবন এবং বিচারপতি অপরেশ কুমার সিংয়ের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ আবেদনকারীর বক্তব্য শোনার পর এই মামলাটি খারিজ করার নির্দেশ দেয়।
 
আইনজীবী শ্রুতি বিস্তের দায়ের করা এই জনস্বার্থ মামলায় ‘পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন, ১৯৬০’-এর ২৮ নম্বর ধারাটি সংশোধনের নির্দেশ চাওয়া হয়েছিল। উল্লেখ্য, এই ২৮ নম্বর ধারা অনুযায়ী, কোনো ধর্মীয় রীতি বা প্রথার অংশ হিসেবে পশুহত্যা করলে তা অপরাধ হিসেবে গণ্য হয় না বা আইনি ছাড় পায়। আবেদনকারীর আর্জি ছিল, ধর্মীয় অনুষ্ঠানের সময় পশুবলি বন্ধ করতে এবং এই প্রথার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে সুনির্দিষ্ট নির্দেশ দিক আদালত।

পশুবলির প্রথা প্রাথমিক ভাবে কিছুটা কমলেও ভারতের বিভিন্ন জায়গায় এখনও তা পুরোদমে চলছে।
 
আবেদনে সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের প্রসঙ্গ টেনে যুক্তি দেওয়া হয়েছিল, পশুবলি প্রাণীদের ‘জীবনের অধিকার’ লঙ্ঘন করে। পিটিশনে বলা হয়, "যেহেতু জীবন কেবল মানুষের একচেটিয়া বিষয় নয়, তাই পশুদের জীবনও এই সাংবিধানিক সুরক্ষার আওতায় পড়ে।" পশুবলি রুখতে কঠোর আইন প্রণয়ন, জনসচেতনতামূলক প্রচার এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় সাধনের মতো সামগ্রিক পদক্ষেপ নেওয়ারও আর্জি জানানো হয়েছিল। তবে বুধবার সমস্ত পক্ষের বক্তব্য ও নথিপত্র পর্যালোচনা করার পর মামলাটি খারিজ করে দেয় আদালত।