জন্মসূত্রে হোক কিংবা দত্তক নেওয়ার মাধ্যমে, সন্তান তো সন্তানই। তাই সরকারি নথিতে কোনও সন্তানকে ‘দত্তক পুত্র’ বা ‘দত্তক কন্যা’ হিসেবে আলাদা করে চিহ্নিত করা যাবে না। এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কেরালা হাইকোর্ট। আদালতের এই রায়কে দত্তক সন্তানদের মর্যাদা ও সমান অধিকারের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এক তরুণীর আত্মমর্যাদা ও পরিচয়ের অধিকার নিয়ে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে আদালত।

মামলাকারীর দাবি ছিল, সরকারি নথিতে তাঁকে বাবার ‘দত্তক কন্যা’ হিসেবে নয়, শুধুমাত্র ‘কন্যা’ হিসেবেই উল্লেখ করতে হবে। তাঁর প্রকৃত পরিচয় গোপন রাখতে আদালত রায়ে তাঁকে ‘আনমোল’ নামে উল্লেখ করেছে।

মামলার শুনানিতে বিচারপতি পি ভি কুনহিকৃষ্ণন স্পষ্ট জানিয়ে দেন, জৈবিক সন্তান এবং দত্তক নেওয়া সন্তানের মধ্যে সরকারি নথিতে আলাদা পরিচয় তুলে ধরার কোনও প্রয়োজন নেই। সেই সঙ্গে রাজ্যের ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে দত্তক সন্তানদের জন্য থাকা পৃথক বিভাগগুলি অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। উত্তরাধিকার শংসাপত্র দেওয়ার নির্দেশিকাতেও প্রয়োজনীয় সংশোধন করতে রাজ্য সরকারকে বলা হয়েছে।

জানা গিয়েছে, ২০২৪ সালে মামলাকারীর বাবার মৃত্যুর পর ওই বছরের অক্টোবর মাসে ত্রিশূরের তহসিলদারের দপ্তর থেকে একটি উত্তরাধিকার শংসাপত্র দেওয়া হয়। সেখানে তাঁর নামের পাশে ‘দত্তক কন্যা’ শব্দবন্ধ উল্লেখ করা হয়েছিল। এই পরিচয় নিয়ে আপত্তি জানান ওই তরুণী। সরকারি নথিতে নিজেকে শুধুমাত্র বাবার কন্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে তিনি কেরালা হাইকোর্টের দ্বারস্থ হন।

শুনানির সময় রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, ই-ডিস্ট্রিক্ট পোর্টালে দত্তক সন্তানদের আলাদাভাবে চিহ্নিত করার ব্যবস্থা রয়েছে।

সেই প্রচলিত নিয়ম অনুসরণ করেই সংশ্লিষ্ট আধিকারিকরা উত্তরাধিকার শংসাপত্রে ওই শব্দবন্ধ ব্যবহার করেছেন।

তবে সরকারের এই যুক্তি গ্রহণ করেনি আদালত। বিচারপতি পি ভি কুনহিকৃষ্ণন জানান, ‘দত্তক পুত্র’ বা ‘দত্তক কন্যা’ শব্দগুলি নিজের মধ্যে অপমানজনক নয়। কিন্তু সরকারি নথিপত্রে এভাবে সন্তানদের আলাদা করে চিহ্নিত করার কোনও প্রয়োজন নেই। তাই এই ধরনের উল্লেখ না থাকাই শ্রেয়।

পাশাপাশি মামলাকারীকে সংশোধিত উত্তরাধিকার শংসাপত্র দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের এই নির্দেশের ফলে সরকারি নথিতে দত্তক সন্তানদের পৃথক পরিচয়ে চিহ্নিত করার প্রচলিত ব্যবস্থায় পরিবর্তন আসতে চলেছে। একই সঙ্গে সন্তান হিসেবে মর্যাদা ও পরিচয়ের ক্ষেত্রে সমতার বিষয়টিও নতুন করে গুরুত্ব পেল।