পুবের কলম ওয়েব ডেস্ক:  শহরের পার্কিং সমস্যা মেটাতে এবং বেআইনি পার্কিংয়ের জেরে যানজট রুখতে পুরো পার্কিং ব্যবস্থাকেই ঢেলে সাজার পরিকল্পনা নিয়েছে লালবাজার। এর জন্য কলকাতায় আরও ২২টি নতুন পার্কোম্যাট ও মাল্টি লেভেল কার পার্কিং তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি গাড়ির মালিক ও চালকদের সুবিধার জন্য কলকাতা পুরসভার সঙ্গে যৌথভাবে একটি নতুন অ্যাপ তৈরি করতে চলেছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনের বেলা অফিসটাইমে পার্কিংয়ের জায়গা পেতে নাজেহাল হতে হয় চালকদের, আবার রাতেও নিয়ম না মেনে রাস্তার ধারে গাড়ি রাখা হয়।

বর্তমানে শহরে ২৮৯টি বৈধ পার্কিং জায়গা এবং পার্ক স্ট্রিটের রডন স্ট্রিট, নিউ মার্কেট, মহাকরণের উলটো দিক ও আলিপুরে পার্কোম্যাট থাকা সত্ত্বেও সমস্যা মিটছে না। বিশেষ করে উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে প্রতি বছর গাড়ির সংখ্যা বাড়ায় এই জায়গাগুলি আর যথেষ্ট হচ্ছে না। লালবাজারের সমীক্ষায় উঠে এসেছে, দেশের অন্যান্য শহরে রাস্তার অংশ বা ‘রোড স্পেস’ ১২ থেকে ১৫ শতাংশ হলেও কলকাতায় তা মাত্র ৬ শতাংশ। তাই অপরিসর রাস্তাকে পার্কিং-মুক্ত করতে নতুন পার্কোম্যাট ও মাল্টি লেভেল পার্কিং তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
শহরের ২৬টি ট্রাফিক গার্ডের পাঠানো রিপোর্টের ভিত্তিতে মোট ২২টি জায়গা বাছাই করে নগরোন্নয়ন দপ্তরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। দপ্তরের আধিকারিকরা ফের সমীক্ষা করার পর এ বিষয়ে লালবাজারের সঙ্গে আলোচনায় বসবেন।
অন্যদিকে, শহরের প্রতিটি পার্কিংয়ের জায়গা সম্পর্কে সম্পূর্ণ তথ্য ইতিমধ্যেই ট্রাফিক গার্ডগুলির মাধ্যমে পুরসভাকে পাঠিয়েছে লালবাজার। নতুন অ্যাপটি চালু হলে গাড়ি ও বাইক আরোহীরা এক ঘণ্টা আগেই জানতে পারবেন কোন পার্কিংয়ে কতগুলি গাড়ি বা বাইক রাখার জায়গা রয়েছে। সেই সঙ্গে পার্কিং ফি নিয়েও পুরসভার সঙ্গে আলোচনা করছে কলকাতা পুলিশ। শুধু পার্কিং নয়, শহরের কোন রাস্তায় যানজট রয়েছে এবং কোন বিকল্প রাস্তা ধরলে কম সময়ে গন্তব্যে পৌঁছনো যাবে, সেই তথ্যও মিলবে এই অ্যাপের মাধ্যমে।