পুবের কলম ওয়েব ডেস্ক: ভারতীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আকভান’। আগে অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ার পূর্বাভাস থাকলেও পরে যাত্রাপথ বদলেছে ঝড়টি। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ওড়িশা উপকূলের গোপালপুরের কাছে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই পুরীতে ভারী বৃষ্টি শুরু হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতিমধ্যেই ওড়িশার নিচু ও বিপজ্জনক এলাকাগুলি থেকে এক লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন।
দুর্যোগের আশঙ্কায় পুরীর সমুদ্র সৈকত এখন প্রায় পর্যটকশূন্য। আগামী ২১ ও ২২ নভেম্বর পর্যন্ত পুরীতে পর্যটকদের না আসার অনুরোধ জানিয়েছে প্রশাসন। বর্তমানে যাঁরা পুরীতে রয়েছেন, তাঁদের হোটেলের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। সৈকতে চলছে কড়া নজরদারি ও মাইকিং, বন্ধ রয়েছে সমুদ্রতীরের দোকানপাট। বহু পর্যটক সফর বাতিল করে বাড়ি ফিরে যাচ্ছেন, বাতিল হচ্ছে ট্রেনের টিকিট ও হোটেল বুকিংও। আগামী ২১ নভেম্বর পর্যন্ত পুরীর গুন্ডিচা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী রবিবার ফের পর্যটকদের জন্য খুলবে। জগন্নাথ মন্দিরেও ভক্তদের উপস্থিতি খুবই কম। পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফ ও ওডিআরএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মীদের ছুটি বাতিল করে স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে।
ওড়িশার পাশাপাশি অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকাতেও বৃষ্টি শুরু হয়েছে এবং একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ‘আকভান’-এর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমবঙ্গেও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বাড়বে এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। তবে শনিবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে রেল পরিষেবাতেও, বদল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেনের সময়সূচি।