পুবের কলম ওয়েব ডেস্ক: অতি প্রবল থেকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শক্তি কিছুটা কমিয়েছে ‘আকভান’। বর্তমানে এটি পুরী থেকে ৫৯০ কিলোমিটার এবং অন্ধ্রপ্রদেশের নারসাপুর থেকে ৪৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে স্থলভাগের দিকে এগিয়ে চলা এই ঘূর্ণিঝড়টি শুক্রবার দুপুরে পুরী ও নারসাপুরের মধ্যবর্তী কোনও স্থানে আছড়ে পড়বে। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার এবং দমকা হাওয়ার সর্বোচ্চ বেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার হতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকেই কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকলেও সারাদিনই কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি কম। শুক্রবার ও শনিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। বিশেষ করে শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হবে।
বৃষ্টি থেকে বাদ যাবে না কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও বাঁকুড়া-সহ অন্যান্য জেলাও। উপকূলবর্তী এলাকাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দুর্যোগের আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের ট্রলার বা ছোট নৌকা নিয়ে গভীর সমুদ্রে যাওয়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার নামখানা ও ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নজরদারি বাড়ানোর পাশাপাশি বকখালি উপকূলেও সতর্ক রয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করে শক্তি হারালে তবেই বৃষ্টির দাপট কমবে। অন্যদিকে, উত্তরবঙ্গের নিচের দিকের জেলা মালদহ ও দক্ষিণ দিনাজপুরের দু'-এক জায়গায় হালকা বৃষ্টির পাশাপাশি সব জেলাতেই ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহ থেকে রাজ্যের আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।