পুবের কলম ওয়েবডেস্ক, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। চট্টগ্রামে প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। অন্যদিকে, নড়াইল ও ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত চারজন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ।

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় ইউনুসের পৈতৃক বাড়িটি অবস্থিত।

বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক বাড়ির নিচতলার একটি পরিত্যক্ত ঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
অভিযুক্তদের খোঁজ চলছে।

এদিকে বুধবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরবাইক মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। বেন্দারচরের বটতলা মোড়ে হামলার অভিযোগ ওঠে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে। আহতদের মধ্যে সোহেল রানা ও শাহিন ইসলামের মৃত্যু হয় হাসপাতালে। ঢাকাতেও দুই দলের সংঘর্ষে আরও দু’জনের মৃত্যুর খবর মিলেছে।

উল্লেখ্য, ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ ও রাজনৈতিক কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়াচ্ছে।