দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বড় অগ্রগতির কথা জানাল নির্বাচন কমিশন। বিবেচনাধীন বা ‘অ্যাডজুডিকেশন’ তালিকায় থাকা ৩৩ লক্ষেরও বেশি ভোটারের নোটিসের মধ্যে ৩২ লক্ষ ৮০ হাজারের বেশি ইতিমধ্যেই নিষ্পত্তি করা হয়েছে। কমিশনের হিসাব অনুযায়ী, নিষ্পত্তির হার ৯৮ শতাংশেরও বেশি। ফলে এই প্রক্রিয়ায় নাম নিয়ে অনিশ্চয়তায় থাকা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির ক্ষেত্রে স্বস্তির পরিস্থিতি তৈরি হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর নির্ধারিত সময়সীমা থাকলেও তার আগেই বাকি কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। তথ্যগত অসঙ্গতি কিংবা পূর্ববর্তী ভোটার তালিকার সঙ্গে তথ্যের সংযোগ স্থাপন করা না যাওয়ায় সংশ্লিষ্ট ভোটারদের নোটিস পাঠানো হয়েছিল।

গত ৩১ আগস্ট দিল্লির খসড়া ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। তাতে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ ভোটারের মধ্যে ৪৭ লক্ষ নাম বাদ পড়ে।

পরবর্তী সময়ে ১৯ সেপ্টেম্বর আরও একটি তালিকা প্রকাশ করা হয়। সেখানে ৩৩ লক্ষ ১০ হাজার ভোটারকে বিবেচনাধীন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তাঁদের কারও নাম, বয়স বা অভিভাবকের নামের তথ্যে অসঙ্গতি ছিল, আবার কারও তথ্য ২০০২ সালের পূর্ববর্তী এসআইআর তালিকার সঙ্গে মেলানো যায়নি।

কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ১৯ লক্ষ ৩০ হাজার ভোটারের তথ্যে এই ধরনের অসঙ্গতি পাওয়া গিয়েছিল।

অন্যদিকে, প্রায় ১৩ লক্ষ ৭০ হাজার ভোটারের তথ্য পূর্ববর্তী ভোটার তালিকার সঙ্গে মেলানো সম্ভব হয়নি। এই তালিকায় সাধারণ ভোটারদের পাশাপাশি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল, বিজেপি সাংসদ বাঁশুরী স্বরাজ এবং প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর মতো বিশিষ্ট ব্যক্তিদের নামও ছিল।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছিল। আম আদমি পার্টির পক্ষ থেকে এই প্রক্রিয়ার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়। তবে কমিশনের দাবি, নথিপত্র ও তথ্য যাচাইয়ের মাধ্যমে অধিকাংশ বিবেচনাধীন নোটিসের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।

যদিও বুধবার কমিশন নিষ্পত্তি হওয়া নোটিসগুলির মধ্যে কতজনের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং কতজনের নাম বাদ পড়েছে, তার পৃথক পরিসংখ্যান প্রকাশ করেনি। এর আগে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছিলেন, মোট ৩৩ লক্ষ ১৪ হাজার ৩২টি নোটিসের মধ্যে ৩১ লক্ষ ২৬ হাজার ৫৭৬ জনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, যা প্রায় ৯৪.৩ শতাংশ।