পুবের কলম ওয়েব ডেস্ক: দেশজুড়ে জনগণনার কাজের জন্য পিছিয়ে যাওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন দিনক্ষণ নিয়ে শিক্ষাদপ্তরের কাছে প্রস্তাব পাঠাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ১৯ মার্চ থেকে ১৩ এপ্রিলের মধ্যে এই পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে ১ মার্চ পর্যন্ত দেশজুড়ে জনগণনার প্রথম পর্যায়ের বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহের কাজ চলবে। এই বিশাল কর্মকাণ্ডে বিপুল সংখ্যক স্কুলশিক্ষক যুক্ত থাকবেন বলেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ফেব্রুয়ারি মাস থেকেই উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার এবং প্র্যাকটিকাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জনগণনার দায়িত্ব সামলে শিক্ষকদের পক্ষে পরীক্ষক হিসেবে উপস্থিত থাকা নিয়ে সংশয় তৈরি হয়। সেই কারণেই এই সময়ের মধ্যে কোনও পরীক্ষা না রাখার অনুরোধ জানানো হয়েছিল। এরপর স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং স্কুলশিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে পরীক্ষা পিছোনোর বিষয়টি চূড়ান্ত করেন।
শুধু উচ্চ মাধ্যমিকই নয়, একই কারণে পিছিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষাও। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জনগণনা চলাকালীন স্কুলগুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক ও পরিদর্শক পাওয়া নিয়ে সমস্যা দেখা দিতে পারে, সেই আশঙ্কাতেই মাধ্যমিক পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়। এবার পিছিয়ে যাওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১৯ মার্চ থেকে শুরু করার প্রস্তাব শিক্ষাদপ্তরে পাঠাল সংসদ।