পুবের কলম ওয়েব ডেস্ক: কয়েক মাস আগেও একে অপরকে ‘আদর্শগত ভাই’ বলে সম্বোধন করতেন রাহুল গান্ধী এবং ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন। কিন্তু গত কয়েক মাসে কংগ্রেস ও ডিএমকে-র দূরত্ব এতটাই বেড়েছে যে, লোকসভার বিরোধী দলনেতার ফোন পর্যন্ত তুলছেন না তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। কংগ্রেস সূত্রে খবর, সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলঙ্গিং: এ জার্নি অফ লাভ’-এর উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে স্ট্যালিনকে দু’বার ফোন করেছিলেন রাহুল। কিন্তু অন্য প্রান্ত থেকে কোনও সাড়া মেলেনি। ‘দ্য হিন্দু’-র সূত্র অনুযায়ী, এই মুহূর্তে রাহুলের সঙ্গে কোনও কথা বলতে চাইছেন না স্ট্যালিন।
যদিও সোনিয়ার বইপ্রকাশ উপলক্ষে শুভকামনা জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন তিনি। দিল্লির ওই অনুষ্ঠান কার্যত ইন্ডি জোটের ছোটখাটো সম্মেলনে পরিণত হয়েছিল। সেখানে স্ট্যালিনের অনুপস্থিতি এবং রাহুলের ফোন এড়িয়ে যাওয়ায় স্পষ্ট যে, দুই দলের সম্পর্কের শৈত্য এখনই কাটার কোনও লক্ষণ নেই।রাহুল ও স্ট্যালিনের সম্পর্কের এই অবনতি আসন পুনর্বিন্যাস বিল পেশের আগে বিরোধী শিবিরে উদ্বেগ বাড়িয়েছে। সূত্রের দাবি, গত এপ্রিল মাসে ধাক্কা খেলেও এবার এই বিল পাশ করাতে আটঘাট বেঁধে নেমেছেন অমিত শাহ এবং বিলটি পাশ হওয়া নিয়ে কেন্দ্র যথেষ্ট আত্মবিশ্বাসী। রাজনৈতিক মহলে জোর জল্পনা, প্রয়োজনীয় সাংসদ সংখ্যা জোগাড় করতে ডিএমকে-র পাশাপাশি এনসিপি-র শরদ পাওয়ার শিবিরের সঙ্গেও নেপথ্যে কথাবার্তা চালাচ্ছে বিজেপি। এই দুই শিবিরের সমর্থন মিললে বিল পাশ হতে আর কোনও বাধা থাকবে না।
উল্লেখ্য, আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে হলে সংবিধান সংশোধনীর প্রয়োজন। সেক্ষেত্রে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় কাজ হবে না, দরকার দুই-তৃতীয়াংশ অর্থাৎ লোকসভায় ৩৬০ জন সাংসদের সমর্থন। বর্তমানে সরকারিভাবে এনডিএ-র হাতে রয়েছেন ৩১৭ জন সাংসদ। এই পরিস্থিতিতে ডিএমকে যদি বিলটিকে সমর্থন করে বা অন্তত এর বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থাকে, তবে কেন্দ্রের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে।