পুবের কলম ওয়েব ডেস্ক: বুধবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এক দীর্ঘ বৈঠককে ঘিরে জাতীয় রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং কার্যনির্বাহী সম্পাদক বি এল সন্তোষ। শীর্ষ নেতৃত্বের এই দীর্ঘ আলোচনার পর থেকেই গুঞ্জন ছড়িয়েছে, তবে কি কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে চলেছে, নাকি সংসদের আসন্ন বিশেষ অধিবেশনের রণকৌশল ঠিক করতেই এই বৈঠক?
উল্লেখ্য, বুধবারই কেন্দ্রীয় পূর্ণাঙ্গ মন্ত্রিসভা অর্থাৎ কাউন্সিল অব মিনিস্টার্সের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, সেই বৈঠকে প্রতিটি মন্ত্রকের কাজের খতিয়ান বা রিপোর্ট কার্ড খতিয়ে দেখেন তিনি এবং মন্ত্রীদের একাধিক নির্দেশও দেন।

এর পাশাপাশি আগামী ২৭ ও ২৮ নভেম্বর হরিয়ানার সুরজকুন্ডে বিজেপির কেন্দ্রীয় পদাধিকারীদের ন্যাশনাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হতে চলেছে। নীতিন নবীনের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে কেন্দ্রীয় সংগঠনের নেতাদের কাজ এবং আগামী লক্ষ্য সম্পর্কে অবহিত করা হবে। এই আবহেই আগামী সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলে জল্পনা আরও জোরালো হয়েছে।
অন্যদিকে, আগামী সপ্তাহেই মহিলা আসন সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে সংসদে বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা রয়েছে। সূত্রের দাবি, গুরুত্বপূর্ণ এই বিলগুলি পাশ করানোর জন্য সংসদে দুই-তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত করার রণকৌশল চূড়ান্ত করতেই প্রধানমন্ত্রীর সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের এই বৈঠক হয়েছে।