পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের বিদিশা জেলায় এক ১৫ বছরের নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠল। গত ১৪ নভেম্বর এই নৃশংস ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত দুই যুবককে চিহ্নিত করা হয়েছে এবং তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর নির্যাতিতা নাবালিকার পরিবার থানায় এসে সমগ্র ঘটনাটি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনের একাধিক কঠোর ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
 
ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়ে বিদিশার সিএসপি সুরেন্দ্র সিং বলেন, "গত ১৫ তারিখে একটি পরিবার তাদের নির্যাতিতা কন্যাকে নিয়ে কোতোয়ালি থানায় আসে। গত ১৪ তারিখ ঘটে যাওয়া একটি ঘটনার প্রেক্ষিতে তারা অভিযোগ জানায়। সঙ্গে সঙ্গেই মামলা রুজু করা হয় এবং ভারতীয় ন্যায় সংহিতা-এর ১৮৩ ধারায় নির্যাতিতার জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
" প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত দুই যুবক ওই নাবালিকাকে তাঁর বাড়ি থেকে কৌশলে বা জোর করে পাশের একটি মাঠে নিয়ে যায় এবং সেখানে এই অপরাধ সংঘটিত করে।
 
পরিবারের অভিযোগ পাওয়ার পরই সঙ্গে আইনি প্রক্রিয়া শুরু করে পুলিশ। এফআইআর-এ ভারতীয় ন্যায় সংহিতা-এর ৬৪(২)(এম), ৬৫(১), ৭০(১), ৭০(২), ৮৭ এবং ১১৫(২) ধারার পাশাপাশি শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত কঠোর পকসো আইনের বিভিন্ন প্রাসঙ্গিক ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুই ব্যক্তিকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা এবং আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।