পুবের কলম, ওয়েবডেস্ক: ই২০ পেট্রোল এবং জ্বালানিতে ইথানল মেশানো নিয়ে চলমান বিতর্কের মাঝে সমালোচকদের বিরুদ্ধে বেনজির ও তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী। নিজের লোকসভা কেন্দ্র কেরালার ত্রিশূরে এক যুব সংলাপ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি ই২০ পেট্রোল নিয়ে অভিযোগকারীদের সরাসরি ‘বিকৃত রাজনৈতিক মানসিকতার মূর্খ’ বলে কটাক্ষ করেন।
কেরালা সরকারের তরফে পেট্রোলে নির্ধারিত ২০ শতাংশের বেশি ইথানল মেশানো হচ্ছে কি না, তা খতিয়ে দেখার উদ্যোগের প্রেক্ষিতেই মন্ত্রীর এই কড়া মন্তব্য সামনে এসেছে। ত্রিশূরের অনুষ্ঠানে সুরেশ গোপী বলেন, "যাঁরা (ই২০ পেট্রোল নিয়ে) অভিযোগ ছড়াচ্ছেন, তাঁদের রাজনৈতিক চিন্তাভাবনা বিকৃত। তাঁরা এমনই মূর্খ যে এর পেছনের বিজ্ঞানটাই জানেন না।
সমালোচকদের বিরুদ্ধে পাল্টা ষড়যন্ত্র ও কারচুপির অভিযোগ তুলে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, যাঁরা পেট্রোলের সমালোচনা করছেন এবং জ্বালানিতে ইথানলের মাত্রা পরীক্ষা করছেন, তাঁরা ক্যানিস্টারে করে পেট্রোল কিনে নমুনা সংগ্রহের আগে তাতে বাইরে থেকে কিছু মিশিয়ে দিতে পারেন। এই প্রসঙ্গে সিবিআই তদন্তের ইঙ্গিত দিয়ে গোপী বলেন, "আর তখন এই ধরনের দাবিগুলি খতিয়ে দেখার জন্য আমাদের সিবিআই ডাকতে হতে পারে। তখন এই লোকগুলোই আবার সিবিআই-এর বিরুদ্ধেও চলে যাবে।"
ই২০ পেট্রোলের গুণমান ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে সুরেশ গোপী জানান, ‘অটোমোবাইল রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’-র দীর্ঘ ‘বৈজ্ঞানিক গবেষণা ও পুনঃগবেষণার’ পরই পেট্রোলে ইথানলের মাত্রা ই১০ থেকে বাড়িয়ে ই২০ করা হয়েছে। তাঁর দাবি, সময়ের সঙ্গে তাল মেলাতে না পারা পুরনো ইঞ্জিনগুলি থেকে নির্গত ধোঁয়া নিয়ন্ত্রণ করার একমাত্র সংশোধনমূলক পদ্ধতিই হলো ইথানল ব্লেন্ডিং। আন্তর্জাতিক পরিবেশ বিধির কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী আরও বলেন, "আমাদের বুঝতে হবে যে জেনেভা কনভেনশনের মাধ্যমে অত্যন্ত কঠোর নির্দেশিকা জারি করা হচ্ছে। আমরা বায়ুমণ্ডলে কী নির্গত করছি, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। যানবাহনের ধোঁয়ার রাসায়নিক গঠন কী, তা দেখা জরুরি। দেশগুলি যদি এই নিয়ম মেনে না চলে, তবে আমাদের গ্রহের স্বাস্থ্য বিপন্ন হবে। গোটা বিশ্ব এখন আরও নতুন এবং পরিবেশবান্ধব জ্বালানির সন্ধান করছে।"