পুবের কলম ওয়েব ডেস্ক: নিজের লোকসভা কেন্দ্রে ফের বিক্ষোভ ও ডিম-হামলার মুখে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার বেলায় নদিয়ার কালীগঞ্জ ব্লকের গোবরা পঞ্চায়েত এলাকায় সাংসদ তহবিলের ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি স্নানের ঘাট উদ্বোধন করতে যাচ্ছিলেন তিনি। পথে বিজেপির পতাকা হাতে একদল কর্মী-সমর্থক তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখান। মহুয়ার গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখানোর পাশাপাশি ডিম ছোড়া হয় এবং লাঠি মারা হয় বলে অভিযোগ।


বিক্ষোভ চলাকালীন ফেসবুক লাইভে এসে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন মহুয়া। তাঁর অভিযোগ, আগে থেকেই হামলার আশঙ্কার কথা এবং ৮০ থেকে ৯০ জন দুষ্কৃতীর জমায়েত হওয়ার বিষয়টি তিনি সমাজমাধ্যমে পোস্ট করে পশ্চিমবঙ্গ পুলিশকে জানিয়েছিলেন। কিন্তু পুলিশ বিক্ষোভকারীদের সরানোর বদলে তাঁকেই গাড়ি ঘুরিয়ে চলে যেতে বলে। কলকাতা হাই কোর্টের নির্দেশে যাঁদের ওপর তাঁর নিরাপত্তার দায়িত্ব রয়েছে, সেই পুলিশই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তাঁকে শারীরিক আক্রমণের সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেন সাংসদ।
এই ঘটনাকে আদালত অবমাননার জ্বলন্ত প্রমাণ বলে উল্লেখ করে সলিসিটর জেনারেল তুষার মেহতাকেও কড়া ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।
মহুয়ার এই পোস্ট রিটুইট করে সরব হয়েছেন মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও। আদালতের নির্দেশ অমান্য করার জন্য কলকাতা হাই কোর্ট রাজ্য সরকার ও স্বরাষ্ট্র দফতরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে কি না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। আদালত অবমাননার মামলা কেবল বিরোধীদের ক্ষেত্রেই প্রযোজ্য কি না, তা নিয়েও কটাক্ষ করা হয়েছে ওই পোস্টে।
অন্যদিকে, এই ঘটনাকে সাধারণ মানুষের ‘স্বতঃস্ফূর্ত প্রতিরোধ’ বলে দাবি করেছে বিজেপি। দলের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার মিডিয়া কনভেনর সন্দীপন মজুমদারের বক্তব্য, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন মহুয়া মৈত্র যেভাবে হিন্দু দেবদেবীদের অপমান করেছেন, পালাবদলের পর এটা তারই ফল। তাঁকে বোমা নয়, কেবল ডিম ছোড়া হয়েছে এবং এটুকু তাঁকে সহ্য করতেই হবে বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর থেকেই নদিয়ায় একাধিকবার এমন ডিম-হামলার শিকার হয়েছেন মহুয়া। গত অগস্ট মাসে নিরাপত্তার অভাবের কথা জানিয়ে এবং ভিডিয়ো কনফারেন্সে থানায় হাজিরার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে বিচারপতি দীপঙ্কর দত্ত সেই আবেদন খারিজ করে দেন। এরপর গত সেপ্টেম্বর মাসেও পুলিশি নিরাপত্তার মধ্যেই ফের ডিম-হামলার মুখে পড়েছিলেন কৃষ্ণনগরের এই সাংসদ।