উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় :বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’। তার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই বুধবার রাত থেকে বৃহস্পতিবার সারাদিন বৃষ্টিতে ভিজেছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
সুন্দরবন উপকূলবর্তী এলাকায় ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত নদীতে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।সরকারি নির্দেশিকা মেনে বৃহস্পতিবার সকাল থেকেই কুলতলি ব্লকের বিভিন্ন নদীঘাটে শুরু হয়েছে প্রশাসনিক মাইকিং। মৈপীঠ গঙ্গার ঘাট,কৈখালী, দেউলবাড়ি, কাঁটামারি-সহ একাধিক এলাকায় প্রচার চালিয়ে মৎস্যজীবীদের নদীতে যেতে নিষেধ করা হচ্ছে।পাশাপাশি ইতিমধ্যেই নদীতে থাকা মাছ ধরার নৌকা গুলিকে দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসার বার্তা দেওয়া হচ্ছে।কুলতলি ব্লক বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্যোগেও বিভিন্ন এলাকায় চলছে সতর্কতামূলক প্রচার। মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে জানানো হচ্ছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। নদী ও উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের অযথা ঝুঁকি না নেওয়ার পাশাপাশি সরকারি নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হচ্ছে।অন্যদিকে, আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’ ২০ নভেম্বর দুপুর নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে আছড়ে পড়তে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-্সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি বজায় থাকতে পারে।সুন্দরবনের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে নদী ওতপ্রোতভাবে জড়িত।প্রতিদিন বহু মৎস্যজীবী মাছ ধরতে নদীতে পাড়ি দেন। তাই সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে আগাম সতর্কতাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য। কোনওরকম ঝুঁকি না নিয়ে মৎস্যজীবীদের নিরাপদে থাকার এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।