পুবের কলম ওয়েব ডেস্ক: ইচ্ছেমতো ছুটি নেওয়া এবং কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা রুখতে এবার প্রযুক্তির ওপর ভরসা রাখছে প্রশাসন। খাতায় সই করে হাজিরা দেওয়ার পুরনো রীতি তুলে দিয়ে এবার মোবাইল অ্যাপের মাধ্যমে উপস্থিতি নথিভুক্ত করার নিয়ম চালু হচ্ছে। আপাতত কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরে এই ব্যবস্থা বাধ্যতামূলক করা হচ্ছে। দপ্তরের তরফে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট দপ্তরের সমস্ত আধিকারিক ও কর্মীকে ‘ফেসিয়াল রিকগনিশন বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম’ বা ‘এফআরবিএএস’ অ্যাপের মাধ্যমে হাজিরা দিতে হবে।
নির্দেশিকা অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে ম্যানুয়াল হাজিরা ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এবং উপস্থিতির জন্য আর কোনও খাতা বা রেজিস্টার রাখা হবে না।

সরকারি বিধি মেনে অ্যাপে মুখের ছবির মাধ্যমে নথিভুক্ত হওয়া উপস্থিতির তথ্যকেই দেরিতে আসা, অনুপস্থিতি, ছুটি এবং পরিষেবা সংক্রান্ত অন্যান্য বিষয় মূল্যায়নের ভিত্তি হিসেবে ধরা হবে। ফলে অ্যাপে মুখ দেখিয়ে হাজিরা না দিলে কর্মীদের বেতন কিংবা ছুটির ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দপ্তরে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনা এবং দেরিতে আসা বা বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার অভ্যাস বন্ধ করতেই এই সিদ্ধান্ত। কেবল সদর দপ্তর বা কারিগরি ভবনেই নয়, দপ্তরের অধীনে থাকা সমস্ত ডিরেক্টরেট এবং প্যারাস্ট্যাটাল সংস্থাতেও এই নিয়ম বলবৎ হবে। রাজ্য, আঞ্চলিক ও জেলাস্তরের সমস্ত অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মীদেরও এই অ্যাপের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে সর্বত্র একযোগে এই ডিজিটাল হাজিরা চালু করতে দ্রুত সমস্ত কর্মীর নাম নথিভুক্তকরণ বা ‘অনবোর্ডিং’ প্রক্রিয়া শেষ করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রযুক্তিগত পদক্ষেপ নিতে বলা হয়েছে।