রোহিঙ্গা গণহত্যার অভিযোগের শুনানিতে মায়ানমারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের বিচারক ইওয়াসাওয়া ইউজি জানিয়েছেন, ২০১৭ সালের সামরিক অভিযানের সময় গণহত্যার প্রমাণ নষ্ট করতে মৃতদেহ পুড়িয়ে ফেলা এবং বুলডোজার দিয়ে বিভিন্ন এলাকা গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে ওই সময় ঠিক কী ঘটেছিল, তা নিয়ে কার্যকর তদন্ত বাধাগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টা থেকে ১৫ বিচারকের পক্ষে রায় পাঠ শুরু করেন বিচারক ইওয়াসাওয়া ইউজি।

রায় পাঠের এক পর্যায়ে তিনি জানান, যেসব এলাকায় তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালানো হয়েছিল, সেসব জায়গায় আগুন লাগানো এবং বুলডোজার চালিয়ে ধ্বংসের ঘটনা ঘটেছে।

বিচারকের পর্যবেক্ষণে উঠে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মায়ানমারের সামরিক বাহিনীর কিছু বার্তা অ-রোহিঙ্গা জনগোষ্ঠীকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতায় উসকে দেওয়ার চেষ্টা করেছিল। তাঁর বক্তব্য, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর সময়কার পরিস্থিতি এমন পরিবেশ তৈরি করেছিল, যা নিরাপত্তা বাহিনীর সহিংসতাকে আরও উৎসাহিত করে। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার অভিপ্রায়ের ভিত্তিও তৈরি হয়েছিল।

আইসিজের পর্যবেক্ষণ অনুযায়ী, ওই সামরিক অভিযানে নির্বিচারে হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের বাড়িঘরে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছিল। অভিযানে প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছিলেন বলেও আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে।

আদালত আরও জানিয়েছে, ২০১৭ সালের সামরিক অভিযানের আগে উত্তর রাখাইন রাজ্যে বসবাসকারী প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা ওই অভিযানের লক্ষ্যবস্তু হয়েছিলেন। এই সংখ্যাকে ‘নিঃসন্দেহে উল্লেখযোগ্য’ বলে মন্তব্য করেছেন বিচারক ইওয়াসাওয়া ইউজি।

২০১৭ সালে মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছিল কি না এবং এ ঘটনায় রাষ্ট্র হিসেবে মায়ানমার দায়ী কি না, সেই প্রশ্নের নিষ্পত্তির জন্যই আন্তর্জাতিক বিচার আদালতে এই মামলা চলছে।