পুবের কলম ওয়েব ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াধের বাণিজ্যিক এলাকায় অবস্থিত আকাশচুম্বী ভবন ‘রিয়াধ টাওয়ার’-এ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হাউথি। এই ঘটনায় ৯/১১-র টুইন টাওয়ারে আল কায়দার ভয়াবহ হামলার স্মৃতি ফিরে এসেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে রিয়াধ টাওয়ার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কয়েকটি ভবনেরও ক্ষতি হয়েছে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে, হামলার পর ভবনটির মাঝের অংশ দাউদাউ করে জ্বলছে এবং কংক্রিটের অংশ খসে পড়ছে।

তবে সৌদি সরকারের দাবি, এই ঘটনায় কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার সৌদি আরবের সিভিল ডিফেন্স সংস্থা হাউথিদের এই হামলার কথা স্বীকার করে জানিয়েছে যে, রিয়াধ টাওয়ার ছাড়াও কাছাকাছি ভবনগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে রাজধানীতে বিকট শব্দ শোনার পর সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, রিয়াধ ও দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি তারা প্রতিহত করেছে। রিয়াধ টাওয়ারে হামলার তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়েছে সৌদির বিদেশ মন্ত্রক।
তারা স্পষ্ট জানিয়েছে, সৌদি আরব তার সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় সম্পদ সুরক্ষিত রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। পাশাপাশি বিদ্রোহী গোষ্ঠীকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার পূর্ণ ও বৈধ অধিকার সৌদি আরবের রয়েছে।
অন্যদিকে, সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খামিস মুশাইত গভর্নরেট ও আভা শহরের বাসিন্দাদের জন্য পৃথক সতর্কবার্তা জারি করেছিল, যদিও পরে বিপদ কেটে যাওয়ার কথা জানানো হয়। বৃহস্পতিবার দেশটির বিভিন্ন এলাকায় অন্তত সাতটি জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছিল। সম্প্রতি সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং বিভিন্ন সরকারি দপ্তর লক্ষ্য করে লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে হাউথিরা, আর রিয়াধের আকাশচুম্বী ভবনে এই আক্রমণ তারই সর্বশেষ ঘটনা।