পুবের কলম ওয়েব ডেস্ক: ডিজে মামলায় ডায়মন্ড হারবারের সাংসদ তথা কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ ২০২৭ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছেন। একইসঙ্গে এই মামলায় রাজ্য সরকারকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। তবে রক্ষাকবচ মিললেও বিচারব্যবস্থা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় এদিন অভিষেককে কড়া ভাষায় তিরস্কার করেছেন বিচারপতি।


দিন কয়েক আগে বিচারব্যবস্থাকে নিশানা করে অভিষেক মন্তব্য করেছিলেন যে, বিচারব্যবস্থার একাংশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে এবং তারা চাইছে বিরোধীরা মারা যাক। সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের জন্যই বিজেপি এভাবে তাণ্ডবলীলা চালাচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। শুক্রবার ডিজে মামলার শুনানিতে সেই প্রসঙ্গ টেনেই ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি ভট্টাচার্য। অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে তিনি প্রশ্ন তোলেন, একজন সাংসদের এহেন মন্তব্যে সাধারণ মানুষের কাছে কী বার্তা যাচ্ছে?
গোটা ঘটনাটিকে অনভিপ্রেত আখ্যা দিয়ে বিচারপতি মন্তব্য করেন, তাঁর মক্কেল অকারণ সমস্যা বাড়াচ্ছেন এবং এই ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক।
আদালতের এই নির্দেশ প্রসঙ্গে বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, আদালতের প্রতি সম্মান রেখেই তিনি বলছেন যে, অভিষেক বারবার এই ধরনের মন্তব্য করেও রক্ষাকবচ পেয়ে যাচ্ছেন, আর এতেই তাঁর সাহস বেড়ে যাচ্ছে। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রচারে হুমকির সুরে ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক। সেই ঘটনায় মামলা দায়ের হলে তদন্তভার পায় সিআইডি। আগে এই মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ পাওয়ার পর সিআইডির তলবে সাড়া দিয়েছিলেন তিনি। এবার সেই রক্ষাকবচের মেয়াদ আরও বাড়ল।