জনগণনার কাজের কারণে পিছিয়ে যাচ্ছে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার বিকাশভবনে স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাবিত পরিবর্তিত পরীক্ষার সূচি নবান্নে পাঠানো হয়েছে। মুখ্যসচিবের লিখিত সম্মতি মিললেই আনুষ্ঠানিকভাবে নতুন সূচি ঘোষণা করা হবে।
আরও পড়ুন:
প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ২ মার্চ থেকে শুরু হয়ে ১৬ মার্চ পর্যন্ত চলতে পারে মাধ্যমিক পরীক্ষা। অন্যদিকে, উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা শুরু হওয়ার কথা ১৯ মার্চ থেকে। পরীক্ষা চলবে ১২ এপ্রিল পর্যন্ত।
অর্থাৎ মাধ্যমিকের পর দু’দিনের ব্যবধান রেখে শুরু হবে উচ্চ মাধ্যমিক।আরও পড়ুন:
উল্লেখ্য, আগে প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ওই সময়ে শিক্ষক-শিক্ষিকাদের জনগণনার কাজে যুক্ত থাকতে হতে পারে। ফলে পরীক্ষা পরিচালনায় সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থেকেই বিকল্প সূচির প্রস্তাব পাঠিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও একই কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, ১৯ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত পরীক্ষার প্রস্তাবিত সূচি ইতিমধ্যেই শিক্ষাদপ্তরের অনুমোদন পেয়েছে।
এরপর বিকাশভবন থেকে সেই প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২৪ দিন ধরে চলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ওই সময়ের মধ্যে বেশ কয়েকটি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে মূল পরীক্ষার মাঝে অতিরিক্ত সাত দিনের বিরতি রাখতে হয়েছে।আরও পড়ুন:
তবে জনগণনার মতো শিক্ষাবহির্ভূত কারণে গুরুত্বপূর্ণ পরীক্ষা পিছিয়ে যাওয়ায় অসন্তোষ তৈরি হয়েছে শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের একাংশের মধ্যে। তাঁদের অনেকেই চাইছেন, যত দ্রুত সম্ভব পরীক্ষা শেষ করা হোক, যাতে পরবর্তী শিক্ষাবর্ষ ও উচ্চশিক্ষায় ভর্তির প্রক্রিয়ায় কোনও সমস্যা না হয়।
আরও পড়ুন:
অন্যদিকে, আগামী ২৭ নভেম্বর প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল।
ওই দিন দুপুর আড়াইটেয় সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অসিতকুমার মণ্ডল। অনলাইনে দুপুর ৩টে থেকে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।আরও পড়ুন:
ফল জানা যাবে সংসদের নির্ধারিত ওয়েবসাইট ছাড়াও https://result.wb.gov.in এবং www.results.shiksha-সহ একাধিক ওয়েবসাইটে। পাশাপাশি বিভিন্ন অ্যাপের মাধ্যমেও ফল দেখার সুযোগ থাকবে। সংসদের বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের জন্য নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপের বিস্তারিত তালিকা জানানো হবে।
আরও পড়ুন:
প্রধান শিক্ষকরা সংসদের নির্দিষ্ট পোর্টাল থেকে স্কুলের সামগ্রিক ফলাফল এবং মার্কশিট ডাউনলোড করতে পারবেন। পরে সেগুলি প্রিন্ট করে স্বাক্ষর ও স্কুলের স্ট্যাম্প দিয়ে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে।