পুবের কলম, নয়াদিল্লি: সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে দেশটির চারটি প্রধান শহরের সঙ্গে ভারতের সমস্ত বিমান পরিষেবা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিল ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো। বুধবার ‘এক্স’-এ একটি ভ্রমণ নির্দেশিকা জারি করে সংস্থাটি জানিয়েছে, ভারত থেকে জেদ্দা, মদিনা, রিয়াধ এবং দাম্মাম গামী ও সেখান থেকে আগত সমস্ত উড়ান আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সম্পূর্ণরূপে বাতিল থাকবে।
 
বিমান সংস্থাটি সৌদি আরবের নিরাপত্তাজনিত পরিস্থিতির কথা উল্লেখ করলেও, এই সিদ্ধান্তের নেপথ্যে থাকা সুনির্দিষ্ট উদ্বেগের কারণ বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, উড়ান বাতিলের ফলে যে সমস্ত যাত্রী প্রভাবিত হয়েছেন, বুকিংয়ের সময় দেওয়া তাঁদের যোগাযোগের নম্বরে ও ইমেলে সরাসরি বার্তা পাঠিয়ে বিষয়টি জানানো হচ্ছে।

সংস্থাটি যাত্রীদের আশ্বস্ত করে বলেছে যে, তারা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের প্রয়োজনীয় সবরকম সহায়তা প্রদান করা হবে। যাত্রী ও বিমানকর্মীদের নিরাপত্তাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার বলে পুনরায় স্পষ্ট করেছে ইন্ডিগো।
 
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের জুন মাসেও মধ্যপ্রাচ্যে একই ধরনের বিমান পরিষেবা বিপর্যয়ের ঘটনা ঘটেছিল। সেই সময় ইজরায়েল ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অংশের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ফলে ইন্ডিগো-সহ একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের উড়ান বাতিল করতে বাধ্য হয়েছিল।