সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’ প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। বিশেষ করে বইয়ে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে করা মন্তব্য ঘিরে তৈরি হয়েছে অসন্তোষ। এবার সেই বিতর্কে মুখ খুললেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। ফেসবুকে দীর্ঘ পোস্ট করে সোনিয়ার স্মৃতিকথায় প্রণব মুখোপাধ্যায়ের রাজনৈতিক ভূমিকা ও তাঁর সম্পর্কে তুলে ধরা বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন তিনি। সুখেন্দুশেখরের দাবি, প্রণব মুখোপাধ্যায় ছিলেন তাঁর রাজনৈতিক গুরু। তাঁকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকেই তিনি এই প্রতিক্রিয়া জানিয়েছেন।

সুখেন্দুশেখরের অভিযোগ, সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে অসত্য তথ্য ও বিদ্বেষপূর্ণ মনোভাবের প্রতিফলন ঘটেছে। বইয়ের ৩৯৯ নম্বর পাতার প্রসঙ্গ তুলে তিনি লিখেছেন, ১৯৮৪ সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পর নিজেকে উপেক্ষিত মনে করে প্রণব মুখোপাধ্যায় কংগ্রেস ছেড়ে নিজের দল গঠন করেছিলেন বলে উল্লেখ করেছেন সোনিয়া। ১৯৮৯ সালে কংগ্রেসে ফিরে এলেও প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা তাঁর কখনও মুছে যায়নি বলেও বইয়ে দাবি করা হয়েছে। সুখেন্দুশেখরের বক্তব্য, এই বিবরণের সঙ্গে বাস্তব ঘটনার মিল নেই।

এর সপক্ষে ১৯৮৪ সালের ডিসেম্বরের লোকসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি। তাঁর দাবি, ওই নির্বাচনে প্রণব মুখোপাধ্যায় রাজ্যজুড়ে কংগ্রেস প্রার্থীদের সমর্থনে ব্যাপক প্রচার করেছিলেন।

শুধু তাই নয়, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে যাদবপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছিলেন প্রণববাবুই। সেই নির্বাচনে সোমনাথ চট্টোপাধ্যায়ের পরাজয়ের মধ্য দিয়ে মমতার রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয় বলেও উল্লেখ করেছেন সুখেন্দুশেখর।

১৯৮৫ সালে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব পাওয়ার পর কলকাতা পুরসভা নির্বাচনে দলকে জেতাতে না পারার পর প্রণব মুখোপাধ্যায় দলের একাধিক পদ হারান বলে দাবি করেছেন তিনি। পরের বছর তাঁকে ছয় বছরের জন্য কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। সুখেন্দুশেখরের অভিযোগ, এই বহিষ্কার দলের অভ্যন্তরীণ শৃঙ্খলাবিধির পরিপন্থী ছিল। তাঁর আরও দাবি, বাংলারই একাংশ কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে রাজীব গান্ধীকে ভুল বুঝিয়েছিলেন।

২০১০ সালে সরকারে নেতৃত্ব পরিবর্তনের প্রসঙ্গও তুলেছেন সুখেন্দুশেখর। তাঁর বক্তব্য, প্রণব মুখোপাধ্যায় যদি সত্যিই সোনিয়া গান্ধীর কাছে নেতৃত্ব পরিবর্তনের কথা বলে থাকেন, তবে তার কারণ কী ছিল, তা স্মৃতিকথায় স্পষ্ট করা হয়নি। বরং বিষয়টিকে প্রণববাবুর দীর্ঘদিনের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত করা হয়েছে বলে তাঁর অভিযোগ। এ প্রসঙ্গে সুখেন্দুশেখরের মন্তব্য, প্রণব মুখোপাধ্যায়ের মতো একজন ‘ক্রাইসিস ম্যানেজার’-এর মৃত্যুর ছয় বছর পর তাঁকে নিয়ে এমন মন্তব্য শিষ্টাচারবিরোধী।

সোনিয়া গান্ধীর বইয়ের নাম নিয়েও কটাক্ষ করেছেন সুখেন্দুশেখর। তাঁর মতে, ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’ নামের পরিবর্তে বইটির নাম হওয়া উচিত ছিল ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ অ্যান্ড হেট’—অর্থাৎ, ভালোবাসা ও বিদ্বেষের আখ্যান।