পুবের কলম ওয়েবডেস্ক, ডাক্তারি প্রশিক্ষণ শেষ না হওয়া পর্যন্ত বিয়ে না করার পরামর্শ দিয়েছিল অসমের একটি মেডিক্যাল কলেজ। সেই নির্দেশ ঘিরে তীব্র বিতর্ক শুরু হতেই কয়েক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করল কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিসিন বিভাগের পক্ষ থেকে ১৮ নভেম্বর একটি নির্দেশ জারি করা হয়। তাতে জেনারেল মেডিসিনের স্নাতকোত্তর প্রশিক্ষণরত চিকিৎসকদের রেসিডেন্সি শেষ না হওয়া পর্যন্ত বিয়ের মতো ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পিছিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। যুক্তি হিসেবে বলা হয়, চিকিৎসকদের ক্লিনিক্যাল দায়িত্ব ও পড়াশোনায় অগ্রাধিকার দেওয়া উচিত।
আরও পড়ুন:
এই নির্দেশের কড়া সমালোচনা করে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন। সংগঠনটি অবিলম্বে নির্দেশ প্রত্যাহারের দাবি জানায়। তাদের বক্তব্য, রেসিডেন্সি একটি স্নাতকোত্তর পাঠ্যক্রম, ব্রহ্মচর্যের শপথ নয়। চিকিৎসকদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করে তাঁদের কাজের সময় নির্দিষ্ট করার পরামর্শও দেয় সংগঠনটি।
আরও পড়ুন:
বিতর্কের মুখে বিভাগের প্রধান প্রশান্ত দিহিংগিয়া ১৮ নভেম্বরই প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করেন। তাতে জানানো হয়, আগের নির্দেশ অবিলম্বে বাতিল করা হচ্ছে।