পুবের কলম ওয়েবডেস্ক, সিপিএমের প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্মরণে আয়োজিত অনুষ্ঠানের মাত্র পাঁচ দিন আগে সভাগৃহের বুকিং বাতিল করল কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা। কলকাতার ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার (ইজেডসিসি) ২২ নভেম্বরের অনুষ্ঠানের জন্য নেওয়া সভাগৃহ ব্যবহারের অনুমতি বাতিল করেছে। অথচ গত জুলাই মাসেই এই বুকিংয়ের টাকা জমা দিয়েছিল সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশন।
আরও পড়ুন:
‘অনিবার্য পরিস্থিতি’র কথা জানিয়ে গত ১৬ নভেম্বর ইমেলে বুকিং বাতিলের সিদ্ধান্ত জানায় ইজেডসিসি।
তবে ঠিক কী কারণে অনুমতি প্রত্যাহার করা হল, তা স্পষ্ট করেনি সংস্থাটি। ফাউন্ডেশনের পক্ষ থেকে কারণ জানতে চেয়েও কোনও জবাব মেলেনি। শেষ পর্যন্ত কলকাতার এজেসি বোস রোডে প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্টের সভাগৃহে অনুষ্ঠানটি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি ইজেডসিসির সভাপতি।আরও পড়ুন:
২২ নভেম্বরের এক দিনের এই অনুষ্ঠানে থাকছে তরুণ কর্মীদের সঙ্গে আলোচনা এবং সাম্রাজ্যবাদ নিয়ে সেমিনার। আলোচনায় অংশ নেবেন ঐশী ঘোষ, দীপ্তিতা ধর ও সাখী। সেমিনারে বক্তব্য রাখবেন প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়ক, মালিনী ভট্টাচার্য, কিউবার রাষ্ট্রদূত জুয়ান কার্লোস মার্সান আগিলেরা এবং লেখক মুকুল কেশবন। সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি সেমিনারে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানের আগে নির্বাচিত ন’জন তরুণ গবেষক সাম্রাজ্যবাদের নতুন পর্যায় নিয়ে বক্তব্য রাখবেন।
আরও পড়ুন:
২০২৪ সালে প্রয়াত সীতারাম ইয়েচুরির রাজনৈতিক আদর্শ ও চিন্তাভাবনা এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই ফাউন্ডেশন গড়া হয়েছে।