পুবের কলম ওয়েবডেস্ক, শরীর সুস্থ রাখতে প্রতিদিন কঠিন শরীরচর্চা বা জোরে হাঁটা জরুরি নয়। নিজের স্বাভাবিক গতিতে নিয়মিত হাঁটার অভ্যাসও স্বাস্থ্যের জন্য উপকারী। বিশেষ করে যাঁরা দীর্ঘক্ষণ বসে কাজ করেন কিংবা বয়সের কারণে ভারী ব্যায়াম করতে পারেন না, তাঁদের জন্য হাঁটা হতে পারে সহজ উপায়।
আরও পড়ুন:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, নিয়মিত শারীরিক পরিশ্রম হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। পাশাপাশি মানসিক অবসাদ ও উদ্বেগের উপসর্গ কমানো, ঘুমের মান উন্নত করা এবং মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতেও এর ভূমিকা রয়েছে।
আরও পড়ুন:
২০২৫ সালে 'দ্য ল্যানসেট পাবলিক হেলথ' পত্রিকায় প্রকাশিত একটি গবেষণায় ৫৭টি গবেষণার তথ্য বিশ্লেষণ করা হয়। তাতে দেখা যায়, প্রতিদিন প্রায় ৭ হাজার পা হাঁটার সঙ্গে হৃদ্রোগ, ডায়াবেটিস, অবসাদ এবং অকালমৃত্যুর ঝুঁকি কম থাকার সম্পর্ক রয়েছে। গবেষকদের মতে, প্রতিদিন ১০ হাজার পা হাঁটতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। ৭ হাজার পা-ও স্বাস্থ্যের জন্য উল্লেখযোগ্য উপকার বয়ে আনতে পারে।
আরও পড়ুন:
তবে ধীরে হাঁটা এবং দ্রুত হাঁটার মধ্যে পার্থক্য রয়েছে।
দ্রুত হাঁটলে হৃদ্যন্ত্রের ব্যায়াম বেশি হয়। অন্য দিকে, স্বাভাবিক গতিতে হাঁটাও দীর্ঘক্ষণ বসে থাকার চেয়ে ভালো। বিশেষজ্ঞদের পরামর্শ, যাঁরা নিয়মিত হাঁটেন না, তাঁরা প্রথমে অল্প সময় দিয়ে শুরু করুন। পরে ধীরেধীরে সময় বাড়ান। প্রাপ্তবয়স্কদের সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক পরিশ্রমের লক্ষ্য রাখা উচিত।