পুবের কলম ওয়েব ডেস্ক: বাংলাদেশে আওয়ামি লিগের বিক্ষোভ ও অস্থিরতার আবহেই দেশে ফেরার প্রস্তুতি আরও জোরদার করলেন শেখ হাসিনা। নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডেন্টিটি কার্ড) পাওয়ার জন্য এবার নিজের ব্রিটিশ আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে জরুরি ভিত্তিতে আবেদন জানিয়েছেন তিনি।
সূত্রের খবর, গত ৯ নভেম্বর হাসিনার আইনি প্রতিনিধি তথা ব্রিটেনের ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাউলস কেসি দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য প্রথম আবেদনটি করেছিলেন। এর প্রেক্ষিতে দূতাবাসের তরফে স্টিভেন যে হাসিনার হয়েই কাজ করছেন, তার প্রমাণ চাওয়া হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের জেরে দেশ ছেড়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন শেখ হাসিনা। পরবর্তীকালে ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং তারেক রহমানের নির্বাচিত সরকারের আমলে ২০২৪ সালে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হয়। শেষে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। তবে এই টানাপোড়েনের মধ্যেই আগামী ডিসেম্বর মাসে যে কোনও মূল্যে দেশে ফেরার ঘোষণা করেছেন মুজিবকন্যা। আর তাঁর ফেরার আগেই বাংলাদেশে নতুন করে আওয়ামি লিগের পুনরুত্থান দেখা যাচ্ছে।