পুবের কলম, ওয়েবডেস্ক: অসমের লখিমপুর জেলার বগীনদীর বালি চাপরি এলাকায় বৃহস্পতিবার ফের নতুন করে উচ্ছেদ অভিযান চালাল জেলা প্রশাসন। চলতি সপ্তাহের শুরুর দিকেই প্রফেশনাল গ্রেজিং রিজার্ভ-এর জমি থেকে উচ্ছেদ হওয়ার পর যে সমস্ত পরিবার এই এলাকায় এসে আশ্রয় নিয়েছিল, এদিনের অভিযানে তাদেরও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে পরপর দু’বার উচ্ছেদ অভিযানের মুখে পড়ে চরম অনিশ্চয়তা ও অসহায় অবস্থার মধ্যে পড়েছে পরিবারগুলি।

বৃহস্পতিবার সকাল থেকেই বালি চাপরি এলাকায় এই অভিযান শুরু হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসনের তরফে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও প্রশাসনিক আধিকারিকদের মোতায়েন করা হয়েছিল। কড়া নিরাপত্তার ঘেরাটোপে বুলডোজার চালিয়ে বাস্তুচ্যুত পরিবারগুলির তৈরি করা অস্থায়ী ছাউনি ও আশ্রয়স্থলগুলি গুঁড়িয়ে দেওয়া হয়। পুরো অভিযান চলাকালীন এলাকায় পুলিশ মোতায়েন ছিল।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের শুরুর দিকেই বগীনদীর প্রফেশনাল গ্রেজিং রিজার্ভ জমি দখলমুক্ত করতে একটি বড়সড় উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল।

সেই অভিযানে অন্তত ১৩২টি পরিবারকে উচ্ছেদ করা হয়। আগের বসতভিটে হারানোর পর মাথা গোঁজার ঠাঁই খুঁজতে সেই পরিবারগুলির একাংশ বালি চাপরি এলাকায় এসে অস্থায়ীভাবে বসবাস শুরু করেছিল।

কিন্তু প্রশাসন পরবর্তীকালে বালি চাপরিতেও নতুন করে উচ্ছেদ অভিযান চালিয়ে তাদের সেই অস্থায়ী আস্তানাগুলিও সাফ করে দেয়। প্রথম দফার উচ্ছেদের ক্ষত শুকানোর আগেই ফের দ্বিতীয়বার উচ্ছেদের মুখে পড়ায় চরম মানবিক সংকটে পড়েছে ওই পরিবারগুলি। নতুন আশ্রয়স্থল থেকেও বিতাড়িত হওয়ায় এখন খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে নারী ও শিশুসহ বহু মানুষের।