পুবের কলম ওয়েব ডেস্ক: পুলিশকে হুমকি দেওয়ার মামলায় গিরিশ পার্ক থানায় হাজিরা দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর ১টায় হাজিরার সময় নির্ধারিত থাকলেও, বৃষ্টি মাথায় নিয়ে পৌনে একটা নাগাদই থানায় পৌঁছন তিনি। সেই সময় থানার বাইরে ছাতা মাথায় অপেক্ষা করছিলেন তাঁর অনুগামীরা, যাঁদের মধ্যে উপাসনা চৌধুরীও ছিলেন। অভিযোগ, অভিষেক থানার ভিতরে ঢুকতেই বাইরে ‘চোর’ স্লোগান তুলতে শুরু করেন বিজেপি কর্মীরা।
পালটা স্লোগান দেন তৃণমূল কর্মীরাও। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়, যার জেরে থানা চত্বরে চরম উত্তেজনা ছড়ায়।এই মামলার সূত্রপাত গত ২৯ অক্টোবর। ওই দিন সংবাদমাধ্যমের সামনে অভিষেক অভিযোগ করেছিলেন যে, মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্য সরকারের ইন্ধনে পুলিশ তাঁর মতো বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করছে। পাশাপাশি, পরে সরকার বদল হলে ওই পুলিশ অফিসারদের তিনি দেখে নেবেন বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। এই মন্তব্যের প্রেক্ষিতে গত ৩১ অক্টোবর গিরিশ পার্ক থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এক মহিলা। সেই মামলার তদন্তেই গত শুক্রবার সন্ধ্যায় অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়ে ২০ নভেম্বর দুপুর ১টায় থানায় হাজিরার নোটিস দিয়ে আসে পুলিশ।
প্রসঙ্গত, বালি ও কয়লা পাচারের অভিযোগে দীর্ঘদিন ধরেই অভিষেকের বিরুদ্ধে ইডি ও সিবিআই তদন্ত চালাচ্ছে এবং একাধিকবার তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকে সই জাল, ডিজে সংক্রান্ত মন্তব্য এবং পুলিশকে হুমকি-সহ একের পর এক মামলায় তদন্ত চলছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে।