পুবের কলম ওয়েব ডেস্ক: যুদ্ধ পরিস্থিতির আবহেই আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ প্রস্তুত এবং হামলার ক্ষেত্রে এবার আর কোনও ভৌগোলিক সীমানা মানা হবে না। নির্দেশ পেলেই নতুন ঠিকানায় আঘাত হানা হবে। তেহরানের এই নতুন বার্তায় আশঙ্কা তৈরি হয়েছে যে, মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে এবার ইউরোপের মার্কিন ঘাঁটিগুলিতেও হামলার পরিকল্পনা করছে ইরান।
আইআরজিসি-র এরোস্পেস ফোর্সের কমান্ডারের প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলি বেলালি জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং তাঁদের ‘আঙুল ট্রিগারে’ রয়েছে। শত্রুপক্ষের যে কোনও আগ্রাসনের জবাব ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে দেওয়া হবে এবং শত্রু যেখানেই থাকুক না কেন, রেহাই পাবে না। তাঁর দাবি, নতুন ভৌগোলিক এলাকায় অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও সক্ষমতা ইতিমধ্যেই তৈরি করে ফেলা হয়েছে। ক্ষেপণাস্ত্রের সংখ্যা, উৎক্ষেপণ স্থান কিংবা পরিকাঠামোর ক্ষেত্রে ইরানের কোনও সীমাবদ্ধতা নেই বলেও জানান তিনি।
বেলালির সুরেই একই হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসি-র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি। সম্প্রতি ৪৫০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা স্মরণ করিয়ে তিনি বলেন, সর্বোচ্চ নেতার নির্দেশ পেলে কোনও ভৌগোলিক সীমাবদ্ধতা না মেনেই ইউরোপের মার্কিন ঘাঁটিতেও হামলা চালানোর সক্ষমতা তাঁদের রয়েছে। তিনি আরও জানান, এতদিন প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের নির্দেশে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটারে সীমাবদ্ধ রাখা হয়েছিল। তবে বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা হোসেইনি খামেনেই নির্দেশ দিলে সেই সীমা আর থাকবে না। যে দেশ থেকে হামলা চালানো হবে, সেই দেশেই পালটা আঘাত হানা হবে। অর্থাৎ, আমেরিকা যদি ইউরোপের কোনও দেশ থেকে ইরানের ওপর হামলা চালায়, তবে ইউরোপে পালটা আক্রমণ করতেও ইরান পিছপা হবে না বলে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে।