পুবের কলম ওয়েব ডেস্ক: টাকার বিনিময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিন্দা এবং দেশের বদনাম করছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী—শুক্রবার এমনই বিস্ফোরক অভিযোগ তুলল বিজেপি। এদিন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে প্রধানমন্ত্রীকে ফের ‘আপোসকারী’ বলে কটাক্ষ করেন রাহুল। তারই পালটা জবাবে এক্স হ্যান্ডেলে কংগ্রেস সাংসদকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি মুখপাত্র তুহিন সিনহা।
বিতর্কের সূত্রপাত দক্ষিণ চিনের শেনজেনে আয়োজিত ‘এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন’ (এপেক) সম্মেলন ঘিরে। সেখানে প্রথমবার কূটনীতির টেবিলে একসঙ্গে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।
উল্লেখ্য, এই পোস্টের কয়েক ঘণ্টা আগেই শিকাগো বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে রাহুল মন্তব্য করেন যে, ভারতের মতো বড় দেশের সমস্ত আন্তর্জাতিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত, কিন্তু বাস্তবে ভারত এখন এক কোণায় পড়ে রয়েছে। অন্যদিকে পাকিস্তান ইরান ও আমেরিকার সঙ্গে আলোচনায় ব্যস্ত বলে দাবি করেন তিনি। প্রধানমন্ত্রী মোদিকে সরাসরি নিশানা করে রাহুল বলেন, তিনি সকলকেই নিজের বন্ধু বলে দাবি করেন, কিন্তু ভূরাজনীতিতে বন্ধুত্ব দিয়ে কিছুই হয় না এবং কেউ তা পাত্তা দেয় না।
রাহুলের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বিজেপি মুখপাত্র তুহিন সিনহা। তাঁর পালটা অভিযোগ, শিমলা চুক্তির সময় ইন্দিরা গান্ধীও আপোস করেছিলেন এবং কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন চিন ও পাকিস্তানের সঙ্গে একাধিকবার আপোস করেছে। তুহিন আরও বলেন, মনে হচ্ছে ভারতের বদনাম করার জন্য টাকা পাচ্ছেন রাহুল গান্ধী, অথচ সত্যিটা হল বিশ্বমঞ্চে আজ ভারত মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। সবমিলিয়ে রাহুলের বিদেশ সফর ঘিরে দেশের রাজনৈতিক পারদ ফের চড়তে শুরু করেছে।