পুবের কলম ওয়েব ডেস্ক: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের কৃষি। রাজ্যের বিভিন্ন জেলায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন রাজ্য সরকার। বৃষ্টির জেরে কোন এলাকায় কত জমির ফসল নষ্ট হয়েছে, কোন ফসলের ক্ষতি সবচেয়ে বেশি এবং কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ কত—তা জানতে সমস্ত জেলাশাসকদের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে নবান্ন।
জেলা প্রশাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকেও সরাসরি তথ্য সংগ্রহের ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

এর জন্য নবান্নের তরফে ‘১৪৪৪৭’ হেল্পলাইন নম্বরটি চালু করা হয়েছে। এই নম্বরে ফোন করে কৃষকরা নিজেদের ক্ষয়ক্ষতির যাবতীয় বিবরণ জানাতে পারবেন এবং সেই তথ্যের ভিত্তিতেই ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, আবহাওয়ার উন্নতি হলেই ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে সমীক্ষা শুরু হবে। ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ, ফসলের ধরন এবং আর্থিক ক্ষতির হিসাব দ্রুত সংগ্রহ করে রাজ্য সরকারের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ক্ষতির সঠিক পরিমাণ বুঝে পরবর্তী পদক্ষেপ করতে চায় নবান্ন, তাই জেলা প্রশাসনকে দ্রুত তথ্য সংগ্রহের ওপর বিশেষ জোর দিতে বলা হয়েছে।
‘আকভান’-এর দাপটে দক্ষিণবঙ্গের জেলাগুলির পরিস্থিতিই সবচেয়ে খারাপ। লাগাতার বৃষ্টিতে কোথাও চাষের খেত জলে ডুবে গিয়েছে, আবার কোথাও মাঠেই পাকা ধান পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। কৃষকদের আশঙ্কা, বৃষ্টির দাপটে এবার ধান পচে মাঠেই ফলন নষ্ট হয়ে যাবে এবং তাঁদের চরম ক্ষতির মুখে পড়তে হবে। শুধু ধান নয়, এই সময় জমিতে থাকা ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন ও লঙ্কার চারার মতো শীতকালীন সবজিও ক্ষতির মুখে। মাটি ভিজে থাকার ফলে গাছের গোড়া পচে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, যার জেরে আগামী দিনে সবজির বাজারদর আকাশছোঁয়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।