পুবের কলম ওয়েব ডেস্ক: ফের পিছিয়ে গেল ভোটার তালিকার স্পেশাল সামারি রিভিশনের (এসআইআর) খসড়া প্রকাশের দিনক্ষণ। শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন কমিশনার অরিন্দম নিয়োগী জানিয়েছেন, অনিবার্য কারণবশত খসড়া তালিকা প্রকাশের প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে। কবে এই তালিকা প্রকাশিত হবে, তা পরে জানানো হবে। প্রথমে ২০ নভেম্বর এবং পরে তা পিছিয়ে ২৩ নভেম্বর খসড়া তালিকা প্রকাশের দিন ধার্য হয়েছিল।

কিন্তু শুক্রবারের বিজ্ঞপ্তির পর তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল।
কমিশন সূত্রে খবর, এসআইআর পর্বে চূড়ান্ত ভোটার তালিকায় যাঁদের নাম ওঠেনি, তাঁদের সমস্ত নথিপত্র পুনরায় যাচাই করে নাম তোলার কাজ এখনও চলছে। সেই কাজ শেষ হওয়ার পরই খসড়া তালিকা প্রকাশের কথা ছিল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র, দিল্লি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা-সহ মোট সাতটি রাজ্যে এই প্রক্রিয়া চলছে।
ওই রাজ্যগুলিতে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য হয়েছে আগামী ২২ ডিসেম্বর।
এরাজ্যে বারবার খসড়া তালিকা প্রকাশ পিছিয়ে যাওয়ার নির্দিষ্ট কারণ কমিশনের তরফে জানানো না হলেও, সংশ্লিষ্ট মহলের মতে এসআইআর ট্রাইব্যুনালের কাজের ধীরগতিই এর মূল কারণ। ব্যক্তিগত কারণ দেখিয়ে একের পর এক বিচারপতি এই ট্রাইব্যুনালের দায়িত্ব ছেড়ে দেওয়ায় বর্তমানে যাঁরা কাজ করছেন, তাঁদের ওপর প্রবল চাপ তৈরি হয়েছে। ফলে নাম তোলার কাজ সেভাবে গতি পাচ্ছে না। এর পাশাপাশি সময়মতো নথি জমা দেওয়ার ক্ষেত্রে নাগরিকদের একাংশের উদাসীনতা এবং সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত একাধিক মামলা চলায় সংশোধিত তালিকা হাতে পাচ্ছে না রাজ্য নির্বাচন কমিশন। আর সেই কারণেই বারবার পিছিয়ে যাচ্ছে খসড়া ভোটার তালিকা প্রকাশের কাজ।