উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: খাতায় কলমে শীত এলেও নিম্নচাপে শীত থমকে গেলেও শীতের মরশুম মানেই বাঙালির রসনাতৃপ্তিতে জয়নগরের বিখ্যাত মোয়া ছাড়া অন্য কিছু চলবে না। নলেন গুড়ের মিষ্টি গন্ধ আর কনকচূড় ধানের খইয়ের অপূর্ব স্বাদ—এই দুইয়ের মেলবন্ধনে তৈরি হয় বাংলার অন্যতম জনপ্রিয় শীতকালীন মিষ্টি। শীতের আগমনের সঙ্গে সঙ্গেই জয়নগর, বহড়ু ও সংলগ্ন এলাকায় শুরু হয়েছে মোয়া তৈরির প্রস্তুতি। তবে এবারের মরশুমে মোয়া প্রেমীদের পকেটে বাড়তি চাপ পড়তে চলেছে।কারণ, মোয়া তৈরির বিভিন্ন কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় চিন্তায় পড়েছেন ব্যবসায়ী ও প্রস্তুতকারকরা।
জয়নগরের মোয়া তৈরির অন্যতম প্রধান উপকরণ নলেন গুড় এবং সুগন্ধি কনকচূড় ধানের খই। এর পাশাপাশি খোয়া ক্ষীর, গাওয়া ঘি, কাজু, কিসমিস, পেস্তা ও এলাচ ব্যবহার করা হয়। প্রতিটি উপকরণের গুণমানের উপর নির্ভর করে মোয়ার স্বাদ ও মান।কিন্তু কাঁচামালের বাজারদর বাড়তে থাকলে আগের দামে মোয়া বিক্রি করে ব্যবসায়ীদের পক্ষে লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়ে।

জয়নগরের মোয়ার আসল আকর্ষণ তার নলেন গুড়। খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে শিউলিরা তৈরি করেন এই বিশেষ গুড়।শীতেরআবহাওয়া, রসের পরিমাণ এবং গুড়ের গুণমানের উপর নির্ভর করে মোয়া তৈরির উপযুক্ত নলেন গুড়ের জোগান।ফলে আবহাওয়ার সামান্য পরিবর্তন ও এই শিল্পের উপর প্রভাব ফেলতে পারে।অন্যদিকে, কনকচূড় ধানের খইয়ের জোগান নিয়েও প্রস্তুতকারকদের নজর রাখতে হয়। কারণ সাধারণ খই দিয়ে তৈরি মোয়া আর আসল কনকচূড় ধানের খই দিয়ে তৈরি জয়নগরের মোয়ার স্বাদ ও গন্ধ এক নয়।মোয়া প্রস্তুতকারক দের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখা।নলেন গুড়, খই, ঘি, ক্ষীর ও অন্যান্য উপাদানের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে প্রতি কেজি মোয়ার দামে। পাশাপাশি কারিগরদের মজুরি, প্যাকেজিং এবং পরিবহণ খরচও রয়েছে।
ফলে এবারের মরশুমে গুণমান অনুযায়ী মোয়ার দাম বাড়াতে বাধ্য হয়েছে জয়নগর বহড়ুর মোয়া ব্যবসায়ীরা।জয়নগরে ৩৬ বছর ধরে মোয়া প্রস্তুত করে চলেছে অভিজ্ঞ মোয়া প্রস্তুতকারক খোকন দাস ও তার পুত্র রাজেশ দাস।তারা বলেন,এবছর মোয়ার সাথে যুক্ত প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে, তাই আমরা মোয়ার দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছি গুনগতমান বজায় রাখতে।গত বছর কিচমিচ ৩৮০ টাকা কিলো থেকে এবছর ৫২০ টাকা কিলো হয়েছে।এলাচ ৩৪০০ টাকা কিলো থেকে ৪৯০০ টাকা কিলো হয়েছে, একইভাবে ঘৃত কিলো প্রতি ১৫০ টাকাবেড়েছে, কনকচূড় ধানের খই বস্তা পিছু ১০০ টাকা বেড়েছে,খোয়া ক্ষীর কিলো প্রতি ২৮০ টাকা থেকে ৩৮০ টাকা হয়েছে, নলেন গুড় ৪০ শতাংশ বেড়েছে,চিনির দাম কিলো প্রতি ৪২ টাকা থেকে ৭২ টাকা হয়েছে।এছাড়া শিউলি দের মজুরি চারশো টাকা করে  বেড়েছে।বেড়েছে মোয়ার বাক্স প্রতি দুটাকা,ব্যাগ পিছু ৫ টাকা।তাছাড়া মোয়ার কারিগরের মজুরি, জ্বালানি ও বৃদ্ধি পেয়েছে। আর তাই মোয়ার গুনগত মান বজায় রাখতে কিলো প্রতি একশো টাকা করে এবারে জয়নগরের মোয়ার দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছি আমরা।
জয়নগরের মোয়া শুধু একটি মিষ্টি নয়, দক্ষিণ ২৪ পরগনার ঐতিহ্য ও অর্থনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। জয়নগর, বহড়ু ও সংলগ্ন এলাকার কয়েক হাজার পরিবার এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। শিউলি, খই প্রস্তুতকারক, মোয়ার কারিগর থেকে শুরু করে বিক্রেতা ও পরিবহণ কর্মী—শীতের তিন মাসের এই ব্যবসার উপর নির্ভর করে তাদের উপার্জন।২০১৫ সালে জয়নগরের মোয়া জিআই স্বীকৃতি পেয়েছে। ফলে এই বিশেষ মিষ্টির নিজস্ব পরিচিতি ও ঐতিহ্য রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন্‌রাজ্যে ও বিদেশে পৌঁছে যায় এই জয়নগরের মোয়া। উৎসব, পারিবারিক অনুষ্ঠান কিংবা শীতের উপহার হিসেবে ও এর চাহিদা যথেষ্ট।শীতের আমেজে বাঙালির পাতে এবার জয়নগরের মোয়া থাকবে ঠিকই, তবে এবারে সেই মিষ্টি স্বাদ পেতে ক্রেতাদের কিছুটা বেশি দাম গুনতে হবে।তবে ভালো জয়নগর ও বহড়ুর মোয়া খেতে ও খাওয়াতে খাদ্য প্রেমিকরা সে সবের দিকে নজর দেবে না।