পুরসভা নির্বাচনে জয়ের রেশ কাটতে না কাটতেই গ্রামীণ রাজনীতিতে বড় ধাক্কা খেল বিজেপি। রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে কার্যত একতরফা সাফল্য পেল কংগ্রেস। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি—উভয় ক্ষেত্রেই আসন সংখ্যার নিরিখে বিজেপিকে অনেকটা পিছনে ফেলে এগিয়ে রয়েছে হাত শিবির। এই ফলাফল আগামী ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ৪১৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২৬৯টিতে জয় পেয়েছে কংগ্রেস। অন্যদিকে, বিজেপির দখলে গিয়েছে মাত্র ৭৩টি। নির্দল ও অন্যান্য দল মিলিয়ে পেয়েছে ৬০টি আসন। জেলা পরিষদের ক্ষেত্রেও ছবিটা প্রায় একই।

রাজ্যের ৩৭টি জেলা পরিষদের মধ্যে কংগ্রেস জিতেছে ২৫টিতে, বিজেপি পেয়েছে মাত্র ৮টি। নির্দল ও অন্যান্যদের দখলে গিয়েছে ৩টি জেলা পরিষদ। এখনও একটি জেলা পরিষদের ফলাফল প্রকাশ বাকি রয়েছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে রাজস্থানের পুরসভা নির্বাচনে ভালো ফল করেছিল বিজেপি। সেই জয়ের পর রাজ্যের শহরাঞ্চলে নিজেদের জনসমর্থন নিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল পদ্ম শিবির। কিন্তু মাত্র দু’মাসের ব্যবধানে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক বার্তা দিল। গ্রামীণ এলাকায় বিজেপির এই বিপর্যয় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

এবারের নির্বাচনে রাজ্যের ৩৭টি জেলা পরিষদের ৪৭৫টি আসন এবং ৪১৯টি পঞ্চায়েত সমিতির ৭,৫৪৩টি ওয়ার্ডের ফলাফল সামনে এসেছে।

ওয়ার্ডভিত্তিক হিসাবেও কংগ্রেসের আধিপত্য স্পষ্ট। পঞ্চায়েত সমিতির ওয়ার্ডে কংগ্রেস পেয়েছে ২,৯৯০টি আসন, সেখানে বিজেপির ঝুলিতে এসেছে ১,৭৯৫টি। জেলা পরিষদের ওয়ার্ডে কংগ্রেসের জয় ১৪৩টি আসনে, বিজেপি পেয়েছে মাত্র ৮৩টি। বাকি ফলাফল ডিসেম্বর মাসে ঘোষণা হওয়ার কথা।

জেলাভিত্তিক ফলাফলও বিজেপির উদ্বেগ বাড়িয়েছে। জয়পুর জেলার ২২টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৪টিতে জয় পেয়েছে কংগ্রেস। বিজেপি চৌমু ও শম্বর লেকে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অন্যদিকে, সাঙ্গানেরে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আরএলপি।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার জেলা ভরতপুরেও প্রত্যাশিত ফল করতে পারেনি বিজেপি।

রাজনৈতিকভাবে এই ফলাফল কংগ্রেসের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, রাজ্য নেতৃত্বের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ও অভ্যন্তরীণ মতপার্থক্য থাকা সত্ত্বেও গ্রামীণ এলাকায় দলটির এই সাফল্য নতুন করে কর্মী-সমর্থকদের মনোবল বাড়াবে বলে মনে করা হচ্ছে। কংগ্রেস নেতা তথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই জয়কে সাধারণ মানুষের রায় বলে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, কৃষক, যুবক ও মহিলারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন।

অন্যদিকে, বিজেপি এই ফলাফলকে বিধানসভা নির্বাচনের সঙ্গে মেলাতে নারাজ। তাদের দাবি, পঞ্চায়েত নির্বাচন মূলত স্থানীয় সমস্যা ও ইস্যুর ভিত্তিতে হয়ে থাকে। তাই এই ফলাফলের প্রভাব আগামী বিধানসভা নির্বাচনে পড়বে, এমনটা মনে করার কারণ নেই।